লিবিয়ায় হামলা থেকে বেঁচে যাওয়া ৯ প্রবাসী দেশে ফিরেছেন

লিবিয়ার মিজদাহ শবরে হামলা থেকে বেঁচে যাওয়া নয় অভিবাসীসহ ১৬৪ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ সেপ্টেম্বর তারা অবতরণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
গত মে মাসে মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন, যাদের মধ্যে ২৬ বাংলাদেশি ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগত ফ্লাইটে ১০০ বিপদাপন্ন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ৩৯ জন শারীরিকভাবে অসুস্থ। অভিবাসীদের তাৎক্ষণিক সহায়তার জন্য তাদের সঙ্গে ভ্রমণ করেন আইওএম’র মেডিকেল সহায়তা প্রদানকারীরা। আগমনের পর স্বাস্থ্যসেবা প্রদানকারী দল সেখানে উপস্থিত হন প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদানের জন্য, যার মধ্যে ছিল সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে যাওয়া, অভিবাসীদের স্বাস্থ্যসেবার সমন্বয় করা, বিশেষায়িত সেবায় রেফারেল সহায়তা প্রদান এবং গুরুতর অসুস্থ অভিবাসীদের ফলো-আপ সহায়তা প্রদান।
সরকার নির্ধারিত কোয়ারেন্টিন শেষে অসহায় অভিবাসীদের পুনরেকত্রীকরণে সহায়তা প্রদান করবে আইওএম। লিবিয়ায় অসহায় অবস্থায় থাকাকালীন ফিরে আসা অভিবাসীরা শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন।



