প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আজ কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুদিনের সফরে আজ সকালে কুয়েত যাচ্ছেন।
মোমেন বলেন, কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহকে তার (প্রধানমন্ত্রী) অভিনন্দন বার্তা জানাতে আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে কুয়েত সফর করব।
নতুন আমিরকে অভিনন্দন বার্তা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমবেদনা জানাবেন।
কুয়েতের নতুন শাসক শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ যুক্তরাষ্ট্রে তার পূর্বসূরি শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ মারা যাওয়ার এক দিন পর নতুন আমির হিসেবে শপথ গ্রহণ করেন।
কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির স্মরণে গত বৃহস্পতিবার একদিনের জাতীয় শোক পালন করে বাংলাদেশ। তিনি মঙ্গলবার ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
সফর শেষে ড. মোমেন মঙ্গলবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



