মৌলবাদী নীতি কোনোদিনও ঠাঁই পাবে না: পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, এদেশে মৌলবাদী নীতি কোনোদিনও ঠাঁই পাবে না ।
শুক্রবার (০৪ ডিসেম্বর) যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের চেয়ারম্যান।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘এ মাটিতে ধর্মান্ধতার কোনও জায়গায় নেই, মৌলবাদের কোনও জায়গায় নেই। এই দেশ সৃষ্টি হয়েছিলো চার নীতির আদলে- সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ নিয়ে।’
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘শেখ ফজলুল হক মণির যে ত্যাগ-তিতীক্ষা, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অগাধ বিশ্বাস এবং তার সংগ্রামী জীবনকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা যে ত্যাগ-তিতীক্ষা করে যাচ্ছেন, আমাদের সেই আদর্শে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের যুবসমাজ প্রগতিশীল রাজনীতিকে ধারণ করবে, বহন করবে। আমাদেরকে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ নিয়েই সামনে নিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি। মুজিববাদের আদর্শ। আমাদের সংবিধানের মূল চারটি স্তম্ভের মধ্যে একটি।’



