স্পোর্টেইনমেন্ট

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল বন্যা

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়ে আবারো জয়ে ফিরেছে মেসি-আলভারেজরা। দলের হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাই অধিনায়ক লিওনেল মেসি।

বুধবার (১৬ অক্টোবর) বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি।

ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আজ প্রথম আক্রমণে যায় ম্যাচের ১৬ মিনিটে, মেসির বাড়িয়ে দেয়া বলে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। তবে জালের দেখা পাননি। তবে গোলের দেখা পেতে খুব একটা অপেক্ষাও করতে হয়নি স্কালোনির শিষ্যদের।

এর তিন মিনিট পরই আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। লাউতারো মার্তিনেজের পাসে বল পেয়ে বাঁ পায়ে শটে লক্ষ্যভেদ করেন তিনি। লা পুলগার গোলে আলবিসেলেস্তেরা এগিয়ে যাওয়ার পর দলের হয়ে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেজ। ব্যালন ডি অর জয়ের দৌড়ে থাকা এ তারকা প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ব্যবধান দ্বিগুণ করেন। তাঁর এই গোলে সহায়তা করেছেন মেসি।

৪৩ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের দেখা পান মার্তিনেজ। দুই গোলে এগিয়ে যাওয়ার পর মেসিরা অবশ্য বিরতিতে গেছেন বলিভিয়ার জালে আরও এক গোল দিয়ে। এবারের গোলটি করেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তিনি গোলটি করেন। আলভারেজের গোলেও আছে মেসিরই অবদান।

ফ্রি কিক থেকে দারুণ এক শট মেসি বল দেন আলভারেজের কাছে, লা পুলগার বাড়িয়ে দেয়া বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন অ্যাতলেতিকো মাদ্রিদের খেলা এই স্ট্রাইকার।

তিন গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা আধিপত্য বিস্তার করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধেও। একের পর এক আক্রমণে বলিভিয়ার রক্ষণে রীতিমত ভীতি ছড়াতে থাকে আলবিসেলেস্তেরা। ৬৫ মিনিটে আলভারেজকে তুলে নেন স্কালোনি, বদলি হিসেবে নামেন থিয়াগো আলমাদা। মাঠে নেমেই গোলের দেখা পান তিনি। ৭০ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন এই তারকা।

এরপরে চলেছে কেবল মেসি শো। শেষ দশ মিনিটে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করেন ফুটবল জাদুকর। ৮৪ মিনিটে প্যালাসিওসের কাছে থেকে বল পেয়ে গোল করেন মেসি। এরপর দুই মিনিট পরই নিকো পাজের বাড়িয়ে দেয়া বলে শট নিয়ে আরও এক গোল করেন এলএমটেন।

২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে এটিই মেসির প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত এই ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে শীর্ষস্থানটা আরও মজবুত করল মেসির দল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট আর্জেন্টিনার।

Related Articles

Leave a Reply

Back to top button