মুস্তফা আদিব লেবাননের নতুন প্রধানমন্ত্রী

লেবাননে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী হাসান দিয়াবের জায়গায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন মুস্তফা আদিব।
দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান মুস্তফা আদিব।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই মুস্তফা আদিবকে সমর্থন দেন।
২০১৩ সাল থেকে বার্লিনে লেবাননের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন মুস্তফা আদিব। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের নাজিব মিকাতির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
গত ৪ আগস্ট দেশটির রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুইশ’ মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন। গণবিক্ষোভের মুখেই পদত্যাগ করতে বাধ্য হয় মাত্র এক বছর আগে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার।
সোমবার ভোটদানে সক্ষম ১২০ আইনপ্রণেতার মধ্যে ৯০ জনেরই সমর্থন পেয়েছেন মুস্তফা আদিব। মাত্র ১৭ জন আইনপ্রণেতা অন্যপ্রার্থীদের ভোট দিয়েছেন। এর মধ্যে ১৪ ভোট পেয়েছেন দেশটির একটি আন্তর্জাতিক আদালতের বিচারক নাওয়াফ সালাম। আর বাকি আইনপ্রণেতারা ভোটদানে বিরত থেকেছেন।



