বাংলাদেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্য ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হবে। শুক্রবার (২২ অক্টোবর) দিবসটি পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ককে নিরাপদ করতে এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের সরকার সড়ক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমান সরকারের সময় মহাসড়ক ২২ হাজার ৪২৮ কিলোমিটারে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ৬৩২ কিলোমিটার মহাসড়ক চার লেন ও তদূর্ধ্ব লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। ৬৪৭ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী জানান, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে গতিই একমাত্র কারণ না। গতি ছাড়াও আরও অনেক কারণ আছে। আমরা প্রতিবছর নানা প্রতিপাদ্য ঠিক করি। গতি নিয়ে সচেতন করতেই এবার এমন প্রতিপাদ্য ঠিক করা হয়েছে।

বুয়েটের গবেষকরা জানান, সমীক্ষা করে তারা দেখেছেন- ৩০ শতাংশ গতিতে চলমান কোনো গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে আহত হলে বাঁচার সম্ভাবনা ৯৫ শতাংশ। কিন্তু ১০ শতাংশ বেশি অর্থাৎ ৪০ গতির গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে আহত হলে বাঁচার সম্ভাবনা ৪৫ শতাংশে নেমে আসে আর ৫০ শতাংশ গতির গাড়ির ধাক্কায় আহত বাঁচার সম্ভাবনা ৫ শতাংশ নেমে আসে।সুতরাং গতি খুবই গুরুত্বপূর্ণ একটি মাপকাঠি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সংলাপ’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। ২০১৯ সালে তিন হাজার ৯৩৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মারা যায় ৪ হাজার ৩৫৮ জন, আহত হন ৭ হাজার ২৪০ জন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৮ হাজার কোটি টাকা। ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৩২ হাজার ৭৩৮ কোটি টাকা। আর চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনার ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৭৮০ কোটি টাকা।

দেশের অধিকাংশ মহাসড়কে বিভাজক বসানোয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ কমানো গেলেও দুর্ঘটনার ধরন এখন পাল্টে গেছে বলে সমীক্ষায় দেখা গেছে। এখন পেছন থেকে ধাক্কার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে বলেও উল্লেখ করেন হাদিউজ্জামান।

Related Articles

Leave a Reply

Back to top button