বিএনপি এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে যারা দানবীয় আচরণ করেছিল তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকারবিরোধী উস্কানি দিচ্ছে ।
মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২২ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশে হত্যা, সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির ধারক ও বাহক বিএনপি। তারা এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
ওবায়দুল কাদের বলেন, এর আগে তারা শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ভাস্কর্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিয়েছিল। রাজপথে একটি মিছিল করার সামর্থ্য হারানো দলটি অন্ধকার গলিপথ আর ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নই এখন কুটকৌশল হিসেবে নিয়েছে।
অন্যের আন্দোলনে ভর করে বিএনপি এগিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মিথ্যাচার আর পরাশ্রয়ী রাজনীতি বিএনপির মেরুদণ্ডহীনতারই প্রমাণ।
মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহাবুদ্দীন ফরাজী, এ বি এম রিয়াজুল কবির কাওছার এবং মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর।



