ফরম পূরণের কিছু টাকা ফেরত পাবে এইচএসসি শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের কারণে শিক্ষার্থীদের ফরম পূরণের কিছু টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর তিনি এ কথা জানান।
অধ্যাপক জিয়াউল হক গণমাধ্যমকে জানান, ‘আমাদের খরচ বাদ দিয়ে যেটুকু ফেরত দেওয়া যায় তা ফেরত দেবো।’ কত টাকা ফেরত দেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও হিসাব হয়নি।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্র ফি থেকে কিছু অংশ, ইনভিজিলেটর ফি, ব্যবহারিক পরীক্ষার ফি থেকে শিক্ষার্থীরা অর্থ ফেরত পাবেন। কীভাবে বা কোন পদ্ধতিতে এবং কী পরিমাণ অর্থ শিক্ষার্থীদের হাতে টাকা ফেরত দেওয়া হবে তা নিয়ে কাজ চলছে।
পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পর শিক্ষার্থী-অভিভাবকদের অনেকেই ফরম পূরণের অর্থ ফেরত দেওয়ার দাবি তোলেন। এরপর খরচের অবশিষ্ট টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হলো।
করোনার কারণে গত ৭ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।



