‘আমি নিজেও করোনা রোগী’, আদালতে কান্নাজড়িত কণ্ঠে শাহেদের দাবি

ভুয়া করোনা রিপোর্ট দেয়ার মামলায় আটক শাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমি নিজেও করোনা রোগী। আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। একমাত্র আমিই বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা সেবা দেই। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রিমান্ড শুনানির জন্য তোলা হলে এর মাঝখানে বিচারককে তিনি এসব কথা বলেন।
গতকাল বুধবার সাতক্ষীরা থেকে গ্রেফতার করে ঢাকায় আনার পর শাহেদ জানান তার বুকে ব্যথ্যা হচ্ছে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে তার এক্সরে ও ইসিজি করা হয়। চিকিৎসক ও র্যাব কর্মকর্তারা জানান, ‘সব রিপোর্ট ভালো এসেছে, কোনও সমস্যা নেই’।
বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদকে আদালতে তুলে পুলিশ ১০ দিনের রিমান্ড চায়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বিচারক তাকে জিজ্ঞেস করেন তার কিছু বলার আছে কিনা। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে সাহেদ নিজেকে করোনা রোগী দাবি করে এসব কথা বলেন।
বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয় শাহেদকে। এর আগে তার খোঁজে সোমবার মৌলভীবাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে র্যাবের অভিযানের পর থেকে তিনি পলাতক ছিলেন।



