পাকিস্তানে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১৯

পাকিস্তানে শিখ তীর্থযাত্রী বোঝাই একটি বাসে ট্রেনের ধাক্কায় দু’টি শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।
দেশটির একজন সরকারি কর্মকর্তা জানান, পাঞ্জাব প্রদেশের শেইখুপুরা শহরের কাছে একটি প্রহরীবিহীন রেলওয়ে ক্রসিংয়ে করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে বাসটির ১৯ যাত্রী মারা যায়। তাদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী৷ তারা নানকানা সাহিব শহর থেকে তীর্থযাত্রা শেষে ফারুকাবাদে যাচ্ছিল।
খবরে বলা হয়, দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে ট্রেনের কোনো যাত্রী নেই বলেই ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের রেলওয়েতে সম্প্রতি আরো বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
গতবছর নভেম্বরে করাচি-রাওয়ালপিন্ডি রুটের একটি ট্রেনে আগুন ধরে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।
২০১৯ সালে পাকিস্তানের রেলওয়েতে এরকম একশোটির বেশি দুর্ঘটনা ঘটেছে।



