ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রধান ড. মুহাম্মদ ইউনূস-সহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় আগামী ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এ চারজনের নামে সমন জারি করেন।
ড. ইউনূস ছাড়াও সমন পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।
ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন। আদালত ১২ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে।
এর মধ্যে রয়েছে- ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি; শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি; এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।



