শুক্রবার (২২ আগস্ট) বঙ্গভবনে শপথ নেওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারির পর প্রকাশ করা হয় সরকারি গেজেট।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত চার মন্ত্রীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানমের দপ্তর পরিবর্তন করে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু (জেরী)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তবে তাকে সরিয়ে কোন দায়িত্ব দেওয়া হয়েছে তা জানা যায়নি। শোনা যাচ্ছে, তিনি একই মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারেন।
এদিকে, নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (টেকনোক্র্যাট) হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে (লিংকন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ২২ আগস্ট ২০২৬



