বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাঈদ আল কাহতানি। সে সময় রাষ্ট্রদূত এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের সময় রাষ্ট্রদূত কাতারের আমিরের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের চিঠিটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত বলেন, কাতারের আমির বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে খুবই আগ্রহী।
এ সময় ড. মোমেন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। তাছাড়া গত মাসে দোহায় দুই দেশের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের জন্য কাতারকে ধন্যবাদ জানান।
এফওসি জনশক্তি নিয়োগ, এলএনজি সরবরাহ বৃদ্ধি ও বাংলাদেশে কাতারের আরও বিনিয়োগের মতো স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার জন্য রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরকে প্রশংসা করেন।
কাতারের রাষ্ট্রদূত প্রতিক্রিয়ায় বলেন, দোহা এফওসির ফলাফলে সন্তুষ্ট ও উভয় পক্ষই দুই দেশের নেতৃত্বের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের লক্ষ্যে কাজ করছে।
দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছেন এমন বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিককে কাজ করার সুযোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে যেখানে কাতারের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন। এসময় রাষ্ট্রদূতকে তিনি বাংলাদেশে এলএনজি ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ খোজার আহ্বান জানান।
আগামী নভেম্বরে দোহায় ফিফা বিশ্বকাপ আয়োজনে যুগোপযোগী প্রস্তুতির জন্য পররাষ্ট্রমন্ত্রী কাতার কর্তৃপক্ষের প্রশংসা করেন। রাষ্ট্রদূত এ সময় পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফিফা বিশ্বকাপের একটি রেপ্লিকা হস্তান্তর করেন।



