বাংলাদেশ

দেশে আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দেশ। আবহাওয়া অধিদফতর, তীব্র এই গরমে দেশজুড়ে আরও তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে।

আজ সোমবার (২২ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

চুয়াডাঙ্গায় রোববার (২১ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বোচ্চ ৩৮.২ এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ অবস্থায় আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করা হয়েছিল।

অন্যদিকে শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে তীব্র তাপদাহ। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের ওপর বিরাজ করছে বড় সংখ্যক তাপপ্রবাহ।

উপমহাদেশের বিভিন্ন কিছু সর্বোচ্চ এলাকায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে বেশিরভাগ অঞ্চলেই দিনের বেলায় তাপমাত্রা ৩২ থেকে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে।

ভারতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে। এরমধ্যে উড়িষ্যায় ৪৫.২ ডিগ্রি এবং পশ্চিমবঙ্গে এর সামান্য কম ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে।

অপর প্রতিবেশী মিয়ানমারের চৌক নামের এক শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Back to top button