বাংলাদেশ

দেশে কোভ্যাক্স ভ্যাকসিনের প্রথম চালান, স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসেছে।

সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই টিকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (৩০ মে) নয়, সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা।

সব দেশের জন্য কোভিড টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আসা এটিই হবে প্রথম চালান। তবে এ টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছুটা জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা আছে বাংলাদেশের।

১২ বছরের বেশি যেকোনো ব্যক্তি এ টিকা নিতে পারবে। দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে।

এদিকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ১ লাখ ৬ হাজার ডোজ টিকা পৌঁছানোকে স্বাগত জানিয়েছে।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনের ন্যায্য প্রাপ্তি নিশ্চিতকরণে গৃহীত বৈশ্বিক উদ্যোগ ‘কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট’এর মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিনের এই প্রথম চালানটি বাংলাদেশে এসেছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন ন্যায্যতার সাথে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সর্ববৃহৎ দাতা দেশ হিসেবে ভ্যাকসিনের বৈশ্বিক জোট গাভি-কে পরিকল্পিত ৪ বিলিয়ন ডলার সহায়তার অংশ হিসেবে সম্প্রতি ২ বিলিয়ন ডলার দেয়ার কথা ঘোষণা করেছে। এটা দিয়ে গাভি কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী ন্যায্যতার সাথে ভ্যাকসিন পৌঁছে দেয়ার কাজ করছে। কোভিড-১৯ মহামারি এই বার্তাই দিয়েছে যে বৈশ্বিক মহামারির বিরুদ্ধে কোন একটি দেশ একা কাজ করতে পারে না।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার বলেন, আর সে কারণেই যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বৈশ্বিক অংশীদারগণ এই মহামারি মোকাবেলায় একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমরা এই অভূতর্পূব বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কটসহ ভবিষ্যতের সঙ্কটগুলো মোকাবেলায় আরো বেশি সংগঠিত ও সহনশীল ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে কোভ্যাক্সকে দেয়া যুক্তরাষ্ট্রের অনুদান নিরাপদ ও কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয় এবং সেই ভ্যাকসিন বিশ্বের ৯২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত মানুষের কাছে টিকা পৌঁছাতে সহায়তা করবে। এই সহায়তা বর্তমান মহামারি নিয়ন্ত্রণ, নতুন ভ্যারিয়েন্ট তৈরি শ্লথ করে দেয়া এবং বৈশ্বিক র্অথনীতি পুনরায় চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button