Leadএনএনবি বিশেষবাংলাদেশ

রক্ত থেকে অ্যাম্বুলেন্স, সবখানেই জিম্মি রোগী

সরকারি হাসপাতালে দালালের ফাঁদে স্বাস্থ্যসেবা

সরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের আশার শেষ আশ্রয়স্থল। বিশেষ করে ঢাকার বড় বড় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন জীবন বাঁচানোর প্রত্যাশায়। কিন্তু সেই হাসপাতালে পা রাখতেই তাদের মুখোমুখি হতে হয় এক অদৃশ্য দেয়ালের-যার নাম ‘দালালচক্র’।

এটি কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি একটি সুসংগঠিত, শক্তিশালী ও অশুভ সিন্ডিকেট, যা বছরের পর বছর ধরে দেশের স্বাস্থ্য খাতকে ভেতর থেকে পঙ্গু করে দিচ্ছে। সাধারণ রোগীর পকেট থেকে টাকা হাতানো থেকে শুরু করে ভুল চিকিৎসার ঝুঁকিতে ঠেলে দেওয়া-সবই এই চক্রের প্রতিদিনের রুটিন।

রাজধানীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল বা বক্ষব্যাধি হাসপাতাল-প্রতিটি সরকারি হাসপাতালের আঙিনায় দালালদের বিচরণক্ষেত্র। ভোর ৬টা থেকেই এদের তৎপরতা শুরু হয়। এদের কাজের ধরন বেশ বৈচিত্র্যময়।

প্রথমত, তারা সহজ-সরল ও গ্রাম থেকে আসা রোগীদের টার্গেট করে। অনেক রোগী জানেন না কোন বিভাগে ডাক্তার দেখানো হয়, কোথায় ভর্তি হতে হয় বা পরীক্ষার প্রক্রিয়া কী। এই অজ্ঞতাকে পুঁজি করে দালালরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ভান করে। কিন্তু সাহায্য নয়, বরং এটি হয় শোষণের শুরু।

দ্বিতীয়ত, ‘বেড নেই’ কিংবা ‘ডাক্তার নেই’—এই ভীতি প্রদর্শন। জরুরি বিভাগে কোনো রোগী আসার পর তাকে বলা হয়, সরকারি হাসপাতালে সিট খালি নেই বা ডাক্তার এখন দেখবে না, ২-৩ দিন সময় লাগবে। এই ভীতি শুনে আতঙ্কিত স্বজনরা যখন দিশেহারা, তখন দালালরা তাদের প্রস্তাব দেয় পাশের কোনো বেসরকারি ক্লিনিকে দ্রুত ভর্তির। সেখানে দালালদের কমিশন নিশ্চিত।

তৃতীয়ত, রক্ত ও পরীক্ষার বাণিজ্য। হাসপাতালে বিনামূল্যে পরীক্ষার সুবিধা থাকলেও দালালরা রোগীদের বুঝিয়ে নিয়ে যায় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে পরীক্ষার খরচ দ্বিগুণ বা তিনগুণ। রক্ত দেওয়ার প্রয়োজন হলে টাকার বিনিময়ে দালালরা রক্তদাতা সরবরাহ করে, যেখানে অনেক সময় রক্তদাতার শারীরিক অবস্থা বা রোগের ইতিহাস পরীক্ষা করার কোনো বালাই থাকে না।

সিন্ডিকেটের মূলে কারা” দালালরা একা এই অপকর্ম করতে পারে না। তাদের পেছনে রয়েছে এক বিশাল নেটওয়ার্ক। হাসপাতালের ভেতরে অসাধু কর্মচারী, ওয়ার্ড বয়, এমনকি কিছু নিরাপত্তা কর্মী বা আনসার সদস্যের সঙ্গে তাদের সখ্যতা ওপেন সিক্রেট। অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের অনেক কর্মচারী মাসিক বেতনের বাইরে দালালদের কাছ থেকে বড় অংকের কমিশন পায়।

উদাহরণস্বরূপ, ঢামেক বা সোহরাওয়ার্দী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর স্বজনদের অভিযোগ, টাকা ছাড়া হুইলচেয়ার বা ট্রলি মেলে না। যেখানে সরকার প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করেছে, সেখানে এই কর্মচারীরা ট্রলিকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছে। যে পরিচ্ছন্নতাকর্মী বা ওয়ার্ড বয় হাসপাতালের সেবা দেওয়ার কথা, তারাই এখন রোগীর কাছ থেকে বখশিশ বা উৎকোচ আদায়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

বেসরকারি হাসপাতালের দায় ও অশুভ আঁতাত: ঢাকার শ্যামলী, মহাখালী বা মিরপুরের মতো এলাকায় সরকারি হাসপাতালের পাশাপাশি গড়ে উঠেছে শত শত বেসরকারি ক্লিনিক। এদের অনেকেরই নেই কোনো বৈধ অনুমোদন। এই ক্লিনিকগুলোর ব্যবসা টিকে আছে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার ওপর ভিত্তি করে।

এ অবস্থায় সাধারণ রোগীরিা বলেছেন, দালালদের দৌরাত্ম্য বন্ধে শুধু নির্দেশনার কালি নয়, প্রয়োজন কঠোর হাতের প্রয়োগ। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক হাসপাতালের করিডোরগুলোতে, আর দালালের শৃঙ্খল থেকে মুক্ত হোক মানুষের জীবন।

পরীক্ষা ও রক্তের বাণিজ্য: হাসপাতালে বিনামূল্যে পরীক্ষার সুযোগ থাকলেও দালালদের মাধ্যমে রোগীদের নিয়ে যাওয়া হয় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে পরীক্ষার খরচ কয়েক গুণ বেশি। এমনকি রক্ত সংগ্রহের ক্ষেত্রেও তারা গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। অসাধু চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের সিন্ডিকেট কমিশনের লোভে রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে থাকে, যা চিকিৎসা ব্যয় আকাশচুম্বী করে দেয়।

‘অ্যাম্বুলেন্স চক্র’ : অ্যাম্বুলেন্স সেবাও দালাল, হাসপাতাল সিন্ডিকেট এবং অনিয়ন্ত্রিত ভাড়ার চক্রে বন্দি। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘অ্যাম্বুলেন্স চক্র’ বা সিন্ডিকেটের দৌরাত্ম্যে রোগী ও তাদের স্বজনরা মারাত্মকভাবে জিম্মি। এই সিন্ডিকেটের আওতাভুক্ত না হলে কোনো চালক রোগী আনা-নেওয়া করতে পারে না।

বিশেষ করে ঢাকার বাইরে থেকে জরুরি ভিত্তিতে রোগী বহনকারী অনেক অ্যাম্বুলেন্স হাসপাতালে রোগী আনতে পারলেও নিয়ে যেতে পারে না। এতে চরম বিপদে পড়েন রোগী ও তাদের স্বজনরা। সিন্ডিকেটের কারণে রোগীকে বাড়তি টাকাও গুনতে হয়।

দেশের উত্তরাঞ্চলের একটি জেলায় সড়ক দুর্ঘটনায় আহত মুমূর্ষু এক রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকায় আসেন স্বজনরা। উদ্দেশ্য রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতাল। অ্যাম্বুলেন্স থামল। চালক রোগীকে জরুরি বিভাগে নামিয়ে দেন। পরে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য অপেক্ষমাণ রোগীর খোঁজ করছিলেন।

রোগীর স্বজনদের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষিও করছিলেন। হঠাৎ কয়েকজন তরুণ ‘হাসপাতাল আঙিনা থেকে কোনো রোগী নিতে পারবেন না’ বলে তাকে বাধা দেন। এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করতেও চাপ দিতে থাকেন তারা। চালক যেতে দেরি করলে উত্তেজিত তরুণরা তার সঙ্গে মারমুখী আচরণ করতে থাকেন। দ্রুত চলে না গেলে অক্ষত অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারবে না বলে শাসান।

জানতে চাইলে ঢাকার বাইরে থেকে আসা চালক অভিযোগ করেন, প্রায় ২৫০ কিলোমিটার দূর থেকে তুলনামূলক কম ভাড়ায় একজন গরিব রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তিনি। ইচ্ছা ছিল ফিরতি ট্রিপে কোনো রোগী পেলে গন্তব্যে পৌঁছে দেবেন। তাতে আগের কম ভাড়াও সমন্বয় হবে। কিন্তু এখানকার (হাসপাতাল আঙিনা) অ্যাম্বুলেন্স মালিক-চালক সিন্ডিকেটের বাধায় সম্ভব হচ্ছে না। এখন আমাকে খালি অ্যাম্বুলেন্স নিয়েই ফিরে যেতে হচ্ছে। রাস্তায় তো আর রোগী দাঁড়িয়ে থাকে না যে তাকে তুলে নেব।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু পঙ্গু হাসপাতালই নয়, রাজধানীতে নামিদামি সব সরকারি-বেসরকারি হাসপাতাল কেন্দ্র করেই এমন সিন্ডিকেট গড়ে উঠেছে। বাইরে থেকে আসা কোনো অ্যাম্বুলেন্স ফিরতি ট্রিপে হাসপাতালের রোগী নিতে দেন না ঢাকার চালকরা। এমনকি হাসপাতাল আঙিনায় দাঁড়াতেও দেন না।

নিজেদের অ্যাম্বুলেন্সে যেতে রোগীদের বাধ্য করেন। ইচ্ছামতো ভাড়া নেন। বাইরে থেকে আসা কোনো অ্যাম্বুলেন্স রোগী নিতে চাইলে অন্য পরিবহণে হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে লুকিয়ে উঠতে হয়। ঢাকা মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, মিটফোর্ড, মুগদা মেডিকেলসহ একাধিক হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

চালক-মালিকরা যা বলছেন: রাজধানীকেন্দ্রিক অ্যাম্বুলেন্সচালকরা বলছেন আবার ভিন্নকথা। তারা জানান, বর্তমানে এক লিটার অকটেন ১২৫, প্রতি লিটার ডিজেল ১২০, সিএনজি ৪৩, এলপিজি ৬৫ এবং ৫ লিটার মবিল ২৪০০ থেকে ৩৪০০ টাকা। এক জোড়া নতুন চাকার দাম ২০ থেকে ২৫ হাজার টাকা। চাকা মেরামত, এয়ার, মোবিল, এসি, অক্সিজেন ফিল্টারসহ আনুষঙ্গিক খরচ বাবদ মাসে ২০ হাজার। এর বাইরে চালক-সহকারীর থাকাখাওয়া, মাসিক বেতন ও ওভারটাইম দিতে হয়। ফলে বাইরের অ্যাম্বুলেন্সকে হাসপাতালের রোগী নিতে দেওয়া না।

বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা অ্যাম্বুলেন্সচালকরা অভিযোগ করেন, ঢাকায় রোগী নিয়ে এলেও খালি হাতে ফিরতে হয়। অ্যাম্বুলেন্সে রোগী না থাকলেও সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, টানেল ও এক্সপ্রেসওয়েতে টোল (পথশুল্ক) দিতে হয়। ফলে তারা চাইলেও ভাড়ার অঙ্ক কমাতে পারেন না।

দিনশেষে রোগীদের পকেট থেকেই এই টাকা যায়। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, বিআরটিএ-এর নিবন্ধনভুক্ত অ্যাম্বুলেন্স ৮ হাজারের মতো। এর মধ্যে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আছে প্রায় ২ হাজার। ঢাকা মহানগরীতে আছে আড়াই হাজার।

অ্যাম্বুলেন্স সার্ভিস খসড়া নীতিমালা-২০২৩ অনুযায়ী কোম্পানির মাধ্যমে ব্যাণিজ্যিকভাবে পরিচালিত অ্যাম্বুলেন্সে মহানগরীর মধ্যে প্রথম দুই কিলোমিটারের ভাড়া সর্বোচ্চ ৬০০ টাকার কথা উল্লেখ আছে। মহানগরীর বাইরে প্রথম দুই কিলোমিটারে ভাড়া সর্বোচ্চ ৪০০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটার ৬০ টাকা। কিন্তু এই খসরা নীতিমালার কথা কেউ মানছে না।

ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন বলেন, বাইরের অ্যাম্বুলেন্স যেমন ঢাকার হাসপাতালে রোগী আনবে, তেমনিভাবে হাসপাতাল থেকে রোগী পরিবহণেরও অধিকার রাখে। কিন্তু একটি সিন্ডিকেটের কারণে তা সম্ভব হচ্ছে না। এই সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত।

দেশে প্রয়োজনের দশভাগের একভাগ অ্যাম্বুলেন্স আছে জানিয়ে তিনি বলেন, যেগুলো আছে সেগুলোর অর্ধেকই অকেজো বা অন্য কাজে ব্যবহার হচ্ছে। সিন্ডিকেট যার সুযোগ নিচ্ছে। তাই রোগীদের চাহিদা অনুযায়ী মানসম্মত ও আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্স বাড়ানো দরকার। অ্যাম্বুলেন্সে টোল ফ্রি করা, বিএআরটিএ কর্তৃক আট সিট অনুমোদন এবং অকটেন, সিএনজির দাম কমানো জরুরি। তাতে ভাড়ার অঙ্ক কমবে।

ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া বলেন, ঢাকার অ্যাম্বুলেন্স জেলা-উপজেলায় গেলে স্থানীয় চালকদের বাধায় ফিরতি ট্রিপে রোগী আনতে পারে না। ফলে ঢাকার চালকদের একটি অংশ বাইরের চালকদের বাধা দেয়। আমাদের কমিটির মেয়াদে অনেকবার বিষয়টা সমাধানের চেষ্টা করা হয়েছে।

এর আগে অ্যাম্বুলেন্স মালিকরা ধর্মঘটে যায়। ওই সময় বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন (ট্রাফিক), স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসংশ্লিষ্টদের সমন্বয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা-২০২৩ খসড়া তৈরি হলেও গেজেট হয়নি। খসড়ায় নির্ধারিত ভাড়ায় রোগী পরিবহণ নিশ্চিতের কথা বলা আছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যাম্বুলেন্স। যেটি সরকারি এবং বেসরকারিভাবে রয়েছে। দুঃখজনক হলো, সরকারি-বেসরকারি চালক ও মালিকদের মধ্যে সমন্বয় নেই। সরকারের উচিত সামর্থ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ হাসপাতাল ও জায়গায় অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা। যাতে রোগীরা সহজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে।

এছাড়া বেসরকারি অ্যাম্বুলেন্সের সুষ্ঠু নীতিমাল করতে হবে। দেশের মানুষের সেবা দেওয়ার জন্য কী পরিমাণ অ্যাম্বুলেন্স দরকার, তার বেজলাইন সার্ভে করতে হবে। সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। না হলে রোগীদের সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্সের কাছে জিম্মি থাকতে হবে।

অভিযানের সীমাবদ্ধতা ও আইনের ফাঁকফোকর: র‍্যাব ও পুলিশের নিয়মিত অভিযানে নিয়মিত দালাল আটক হলেও, অবস্থার তেমন পরিবর্তন হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের স্বল্পমেয়াদী দণ্ড বা জরিমানা কোনোভাবেই যেন তাদের নিবৃত্ত করতে পারছে না। জেল থেকে বের হয়েই তারা পুনরায় একই পেশায় ফিরে আসছে। আইনের এই সীমাবদ্ধতা ও রাজনৈতিক প্রভাবের কারণে দালালদের মনে ভয়ের পরিবর্তে তৈরি হয়েছে এক ধরণের স্পর্ধা।

র‍্যাব-২ উপ-অধিনায়ক নিফাজ রহমান জানান, এই তিন প্রতিষ্ঠান থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশনভিত্তিক বাণিজ্য করে আসছিল চক্রটি। শুধু তাই নয়, রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে হাতিয়ে নিতো মোটা অঙ্কের অর্থ।

শুধু দালাল চক্র নয়, রোগীদের ভাগিয়ে যেসব ভুঁইফোড় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়, সেগুলোর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমদ।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দদুলাল সাহা জানান, হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

সমাধানের পথরেখা: নির্দেশনার বাইরেও যা প্রয়োজন: স্বাস্থ্যসেবা বিভাগ গত ২ মার্চ ২০২৬ তারিখে দালাল নির্মূলে ৭ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করা এবং ইউনিফর্মধারী কর্মী ছাড়া অন্যদের হস্তক্ষেপ নিষিদ্ধ করার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তবে শুধু নির্দেশনার কালিতেই কি এই সমস্যার সমাধান সম্ভব? বিশেষজ্ঞরা মনে করছেন, সমস্যার মূল উৎপাটনে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য মূলত ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাপনা, জনবল সংকট এবং সুশাসনের অভাবের লক্ষণ। তাদের মতে, দালাল চক্র নির্মূল করতে কেবল অভিযান বা ধরপাকড় যথেষ্ট নয়; এর জন্য দীর্ঘমেয়াদী ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং রোগীদের কাউন্সেলিংয়ের ওপর জোর দিতে হবে। সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অভিশাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

এটি কেবল একজন মন্ত্রী বা একজন ম্যাজিস্ট্রেটের কাজ নয়, এটি একটি সামাজিক আন্দোলনের দাবি রাখে। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল হোক দালালমুক্ত, প্রতিটি দরিদ্র রোগী পাক তার প্রাপ্য স্বাস্থ্যসেবা—এটিই আমাদের আগামীর বাংলাদেশের প্রত্যাশা।

নিউজ নাউ বাংলা/কেএ/ জেডআরসি/ ‌০৪ জুলাই ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button