বাংলাদেশ

তফসিলের পর থেকে এ সরকারই নির্বাচনকালীন সরকার : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে, তিনি কী করবেন, বর্তমান সরকারের আকার ছোট করবেন কিনা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে। সে সময় সরকার শুধু রুটিন কাজ করবে। নির্বাচনকালীন সরকারের সব দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের কাছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, বিএনপির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার কোনো রকমের সুযোগ নেই। এর বাইরে গিয়ে আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এই সংসদে এই ধরনের কোনো আইন পাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপির এসব দাবি নিয়ে ভাবছে না সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে, তিনি কী করবেন, বর্তমান সরকারের আকার ছোট করবেন কিনা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে। সংবিধানে বলা আছে, নির্বাচন কখন হবে, সেই অনুসারে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে।
সংবিধান অনুযায়ী ৩০ অক্টোবর থেকে ৩০ জানুয়ারি- এ ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে অক্টোবরের ৩০ থেকে থেকেই নির্বাচনকালীন সরকার কি না, সংবিধান কী বলে- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি পরিষ্কারভাবে বলেছি, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই।
এখন কথা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালেও এটি করেছিলেন। তিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে করেছিলেন। এখন তার ওপর নির্ভর করে, তিনি কীভাবে নির্বাচনকালীন সরকার দেবেন বা কী করবেন, কী করবেন না। আবার সংবিধান অনুযায়ী যদি আমরা বলি, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, সেই মুহূর্ত থেকে এ সরকার নির্বাচনকালীন সরকার।
আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button