চীন থেকে ভারতে যাচ্ছে বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা ও টেকজায়ান্ট অ্যাপল

করোনা ভাইরাসের কারণে চীন থেকে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান অন্য দেশে তাদের কারখানা সরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে আগেই খবর ছড়িয়েছিল। এবার শোনা গেল বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা ও টেকজায়ান্ট অ্যাপল চীন ছাড়তে যাচ্ছে । আর তাদের নতুন গন্তব্য হতে পারে ভারত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, টেক জায়ান্ট অ্যাপল তাদের এক-পঞ্চমাংশ উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নেয়ার পরিকল্পনা করেছে। এই বিষয়ে অ্যাপলের সিনিয়র এক্সিকিউটিভ ও ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনাও হয়েছে।
জানা গেছে, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে তাদের স্থানীয় উৎপাদন বাড়িয়ে আয় বাড়াতে চাইছে। তাদের লক্ষ্য, আগামী পাঁচ বছরে এই আয় ৪০ বিলিয়ন ডলার করতে। এ কারণে চীনের বাইরে বিকল্প উৎপাদনের স্থান খুঁজছে তারা।
অন্যদিকে, অ্যাপল হলো চীনের অন্যতম বৃহৎ লগ্নিকারী। ২০১৮-১৯ সালে চীনে ২২০ বিলিয়ন ডলারের পণ্য উৎপাদন করেছে তারা, যার মধ্যে ১৮৫ মিলিয়ন ডলার রপ্তানি হয়েছিল। এই প্রতিষ্ঠানটিতে চীনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৪ দশমিক ৫ মিলিয়ন কর্মী কাজ করে। যার কারণে ভারত এত বড় বিনিয়োগের সুযোগ হাতছাড়া করতে চায় না।



