Lead

নিষ্পাপ ফুল ছিঁড়ে ফেলছে নরপিশাচরা

আছিয়া, লামিয়া এবং সবশেষ রামিসা—একের পর এক নিষ্পাপ ফুল ছিঁড়ে ফেলছে এই নরপিশাচরা। ২০২৫ সালের মার্চে মাগুরার আট বছরের শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। সেসময় পুরো দেশ উত্তাল হয়ে ওঠে।

বছর না ঘুরতেই এবার রাজধানীতে নির্মমতার শিকার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছরের রামিসা। প্রতিবেশীর লালসার শিকার হয় মেয়েটি। শুধু এতেই ক্ষান্ত হয়নি ধর্ষক। ধর্ষণের পর শিশুটিকে গলা কেটে হত্যা, শরীর থেকে হাত বিচ্ছিন্ন করা হয়। ধারাল চাকু দিয়ে গোপনাঙ্গে খোঁচানো হয়।

এমন অবস্থায় একরকম আতঙ্কিত অভিভাবকরা। নারীদের নিরাপত্তা, নিরাপদ বাংলাদেশ নিয়ে উঠছে প্রশ্ন। সেই সঙ্গে বিচারের দীর্ঘসূত্রতা যেন বিচারহীনতার সংস্কৃতির বার্তা দিচ্ছে। কার্যকর ও দৃশ্যমান কোনো শাস্তি না থাকায় নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। অপরাধ বিশ্লেষকদের কথাতেও উঠে আসছে বিষয়টি।

পুলিশের প্রতিবেদনও একই বার্তা দিচ্ছে। গতবছর ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ। কিন্তু বিচার পেয়েছেন কতজন?

একেকটা ইস্যু আসে আর একেকটা ধামাচাপা পড়ে। এই দেশের এমন সংস্কৃতি বহুদিনের। শিশু আছিয়া ধর্ষণ এবং মৃত্যুর পর যখন উত্তাল হয়েছিল দেশ, তখন দ্রুত মামলার রায় হলেও সেটা কার্যকর কবে হবে কেউ জানে না। এরই মধ্যে দেশে নানা ধরনের ইস্যু সামনে চলে এসেছে। একসময় যে আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার নিয়ে সারা দেশে আলোচনা ছিল সেই আছিয়ার কথাই হয় তো ভুলে গেছে সবাই।

শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হিটু শেখকে গত বছরের ১৭ মে মৃত্যুদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর চারদিন পর জানা যায় হিটু শেখের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছেছে। রায় ঘোষণা এবং ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানোর বয়স একবছর পূর্ণ করেছে। তারপরের অগ্রগতি কতটুকু তা জানা নেই।

যদিও ছুটির দিন বাদে টানা শুনানি করে মাত্র ১৪ কার্যদিবসে আলোচিত এই ধর্ষণ এবং হত্যা মামলায় শেষ হয় বিচারকাজ। শুধু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডই নয়, এরকম বহু ধর্ষণের ঘটনার কাগজ হয়তো জমে আছে আদালতে। হয়তো কাগজের ওপর পড়ে গেছে ধুলোর আস্তরণ। ধর্ষণের দায় স্বীকার করার পরও বছরের পর বছর ধরে মামলা ঝুলে আছে নিষ্পত্তি হয়নি।

আবার কারও কারওটার রায় হলেও সেই রায় কার্যকর হয়নি। হয়তোবা অনেকেই জামিনেও বের হয়ে যাচ্ছে। মোদ্দাকথা, ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনার পরও দ্রুত শাস্তি না হওয়ার আক্ষেপ রয়ে যায় নির্যাতিত পরিবারে।

তাই তো শিশু রামিসার বাবার কণ্ঠ থেকেও আক্ষেপের সুরে বেরিয়ে এলো সেই একই বার্তা।

এই দেশের বিচারব্যবস্থার প্রতি ধিক্কার জানিয়ে তিনি বললেন, ‘‘আমি কিছুই চাই না। কারণ বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড় করাতে পারবেন? পারবেন না।

তবে শুধু শিশু রামিসা, ইরা কিংবা তিন বছরের হাবিবই শুধু নয়, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, গত ১৬ মাসে (২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল) হত্যা করা হয়েছে অন্তত ৫২২ শিশুকে। গড়ে মাসে ৩২ জনের বেশি শিশু নিহত হয়েছে। এ সময়ে ধর্ষণসহ চরম নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ২২৩ শিশু। গড়ে মাসে ৭৬ জনের বেশি শিশু ধর্ষণসহ নির্যাতনের শিকার হয়েছে।

মাদকাসক্তের বলি শিশুরা: মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি পুরো পরিবার ও সমাজের জন্য হুমকি তৈরি করছে। বিশেষ করে অবাধ বিস্তারে শিশুদের নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। সম্প্রতি মাদকাসক্ত বাবার হাতে সন্তান হত্যা, প্রতিবেশীর শিশুসন্তানকে নির্যাতনের পর হত্যা এবং মাদক কেনার টাকার জন্য অপহরণের মতো ঘটনা ঘটেছে। মাদকের প্রভাবে চেনা মানুষ হয়ে উঠছে অচেনা। নির্ভরতা হাত হয়ে উঠছে ঘাতকের হাত।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক একটি গবেষণা গত ২ মে উপস্থাপন করা হয়।

সেখানে বলা হয়েছে, দেশে নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ। এর বিপরীতে প্রায় ৭০ শতাংশ মামলায় খালাস পাচ্ছেন আসামিরা।

গবেষণায় দেখা যায়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন, ২০০০ অনুযায়ী ১৮০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে ৩ বছর ৭ মাস সময় লাগছে। প্রতিটি মামলায় গড়ে ২২ বার শুনানির তারিখ পড়ছে।

এ কারণে বিচারব্যবস্থা নিয়ে একটি অত্যন্ত পরিচিত আইনগত প্রবচন আছে—জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। এর সরল বাংলা হচ্ছে, যে বিচারে দীর্ঘ সময় পার হয়ে যায়, তা আসলে কোনো বিচারই নয়। অর্থাৎ আইনি প্রতিকার পেতে যদি অতিরিক্ত সময় বা দীর্ঘসূত্রতা তৈরি হয়, তবে তা শেষ পর্যন্ত কোনো প্রতিকার না পাওয়ার মতোই।

Related Articles

Leave a Reply

Back to top button