Lead

রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

বাবা-মাকে দিলেন সান্ত্বনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত সাত বছরের শিশু রামিসার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার( ২১ মে) রাত পৌনে ১০টার দিকে তিনি মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসাদের বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর পর রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী পল্লবীতে রামিসার বাসার উদ্দেশে রওনা দেন। সাক্ষাতে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রামিসার বাবা-মাকে স্বান্তনা দেন। প্রধানমন্ত্রী শিশুটির ওপর নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীকালে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button