
জারা রহমান চৌধুরী, ঢাকা: সাত বছরের ছোট্ট রামিসা আক্তার কিংবা তিন বছরের ফুটফুটে নিষ্পাপ শিশু হাবিব—পৃথিবীর কোনো জটিলতা, অর্থনৈতিক মন্দা বা পারিবারিক দ্বন্দ্বে তাদের কোনো ভূমিকা ছিল না। অথচ এই নিষ্পাপ মুখগুলোকেই বরণ করতে হয়েছে চরম নৃশংস মৃত্যু।
ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যা করে প্রতিবেশীরা। অন্যদিকে, রাজধানীর বাড্ডায় মাদক কেনার টাকা না পেয়ে নিজের তিন বছরের সন্তান হাবিবকে খোদ জন্মদাতাই গলা টিপে হত্যা করে।
➤➤ হামের ভয়াল থাবায় নিভে গেল ৩৫২ শিশুর জীবনপ্রদীপ
আজকের বাংলাদেশে এই চিত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক ভয়াবহ সামাজিক ব্যাধির নির্মম বহিঃপ্রকাশ। আমাদের চারপাশটা আজ অবোধ শিশুদের রক্তে রঞ্জিত, যেখানে পরম নির্ভরতার আশ্রয়স্থলগুলোই একেকটি বধ্যভূমিতে পরিণত হচ্ছে।
পরিসংখ্যানের ভয়াল চিত্র: কোথায় নিরাপদ শৈশব?
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক পরিসংখ্যান আমাদের এক অন্ধকার বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
গত ১৬ মাসে (জানুয়ারি ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত) দেশে অন্তত ৫২২ জন শিশুকে হত্যা করা হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতি মাসে ৩২ জনেরও বেশি শিশুর জীবন প্রদীপ নিভে গেছে কোনো না কোনো নৃশংসতায়।
একই সময়ে ধর্ষণসহ চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে আরও ১,২২৩ জন শিশু। প্রতি মাসে গড়ে ৭৬ জনের বেশি শিশু এমন ভয়াবহ নিষ্ঠুরতার মুখোমুখি হচ্ছে। এই পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়; এগুলো একেকটি পরিবারের স্বপ্নভঙ্গ, একেকটি মায়ের বুক খালি হওয়া আর একটি প্রজন্মের পঙ্গুত্বের খতিয়ান।

ঘাতক যখন স্বজন কিংবা প্রতিবেশী
একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত, বাইরের পৃথিবীটা অনিরাপদ হলেও নিজের ঘর এবং চেনা প্রতিবেশীদের আঙিনা শিশুর জন্য সবচেয়ে নিরাপদ। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই বিশ্বাসকে চুরমার করে দিয়েছে।
গত ৯ মে গাজীপুরের কাপাসিয়ায় মাদকাসক্ত বাবা ফোরকান আলী তার তিন সন্তানসহ পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাত্র চার বছরের শিশু মরিয়মকে শ্বাসরোধে হত্যা করে ১৬ ও ১৫ বছর বয়সী দুই কিশোর, কেবল তার গলার রুপার চেইনের জন্য।
ময়মনসিংহের মুক্তাগাছায় অনলাইন জুয়ার টাকা নিয়ে বাবার ওপর প্রতিশোধ নিতে ৯ বছরের শিশু আন্দালিব সাদমান রাফিকে অপহরণের পর হত্যা করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।
‘সমাজ নষ্ট হয়ে গেছে। মানুষ আর মানুষ নেই, পশুতে রূপান্তর হয়েছে। ভরসা করার মতো দুনিয়ায় মা-বাবা ছাড়া সন্তানের আর কেউ নেই। এসব দেখতে দেখতে আমরা নিজেরাও ট্রমাটাইজড।’ — নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী পিতা।
কেন এই আদিম নৃশংসতা?
অপরাধ বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞরা শিশুদের ওপর এই ক্রমবর্ধমান সহিংসতার পেছনে গভীর সামাজিক ও মানসিক অবক্ষয়কে দায়ী করছেন। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে, মাদকের অবাধ বিস্তার, সামাজিক ও নৈতিক মূল্যবোধের পতন, নলাইন আসক্তি ও জুয়া এবং পারিবারিক বন্ধনের শিথিলতা।
প্রায় প্রতিটি লোমহর্ষক ঘটনার পেছনেই রয়েছে মাদকাসক্তি। মাদকের টাকা জোগাতে আপনজন কিংবা প্রতিবেশীরা হয়ে উঠছে খুনি। দ্রুত বিত্তশালী হওয়ার প্রবণতা, অনৈতিক সম্পর্ক এবং সহনশীলতার চরম অভাব মানুষকে বিবেকহীন করে তুলছে।

➤➤ শিক্ষকের লালসার শিকার শৈশব, ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা!
ইন্টারনেট ও সাইবার দুনিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহার, বিশেষ করে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির সহজলভ্যতা মানুষের অপরাধ প্রবণতাকে উসকে দিচ্ছে। একক বা বিভক্ত পরিবারে শিশুদের পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং মা-বাবার দীর্ঘসময় অনুপস্থিতি শিশুদের আরও বেশি ঝুঁকিতে ফেলছে।
উদ্বেগ-উৎকণ্ঠা চরমে
সাইকোথেরাপিস্ট নুসরাত সাবরিন চৌধুরী মনে করেন, এই সংকট কোনো একক কারণে নয়, বরং আমাদের সামাজিক, পারিবারিক এবং ডিজিটাল জীবনের সম্মিলিত ঝুঁকির ফল। তিনি বলেন, “ডিজিটাল ডিভাইসের অনিয়ন্ত্রিত ব্যবহার ও পর্নোগ্রাফিক কনটেন্টের সহজলভ্যতা এই সহিংসতায় বড় ঝুঁকি তৈরি করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পরিবার, স্কুল ও মানসিক স্বাস্থ্যসেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, “হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় শিশুহত্যা দিন দিন বাড়ছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খানের মতে, কেবল আইন থাকলেই হবে না, আইনের কঠোর ও দ্রুত প্রয়োগ প্রয়োজন। তথ্যপ্রযুক্তির অপব্যবহার এবং পরকীয়ার মতো বিষয়গুলো পারিবারিক অস্থিরতা বাড়িয়ে তুলছে, যার চরম মূল্য দিচ্ছে শিশুরা।
সুরক্ষার দায় সবার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিট পুলিশিং বা উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির দাবি করলেও, সাধারণ মানুষের মনের আতঙ্ক কাটছে না। সন্তানকে স্কুলে পাঠিয়ে বা ঘরের বাইরে খেলতে দিয়ে প্রতি মুহূর্ত আশঙ্কায় কাটে বাবা-মায়ের।
শৈশব হোক আনন্দময়, নিরাপদ এবং শঙ্কাহীন। একটি শিশুও যেন আর বড়দের লোভ, হিংসা বা বিকৃত মানসিকতার বলি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, সমাজ এবং আপনার-আমার সবার। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই হতে পারে এই অন্ধকার থেকে মুক্তির প্রথম পদক্ষেপ।
➤➤ উপবৃত্তি ও ফিডিং কর্মসূচিতেও কেন কমছে শিক্ষার্থী?
এই ভয়ংকর পরিস্থিতি কাটিয়ে উঠে আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে পরিবার, সমাজ এবং আইনের প্রয়োগে কোনো ক্ষেত্রটিতে সবচেয়ে আগে আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন?
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ২১ মে ২০২৬



