চট্টগ্রামসহ সব বড় শহরে মেট্রোরেল হবে: প্রধানমন্ত্রী

বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, শুধু ঢাকা কেন? চট্টগ্রামে মেট্রোরেল হতে হবে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল হতে হবে। এছাড়া বড় শহর যেখানে আছে, বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শুধু ঢাকায় নয় আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা বলেছেন। আমরা জানি ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। আশা করি দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক সভায় পাঠাবেন। আমরাও এটা অনুমোদন করবো।
তিনি আরও বলেন, যেখানে বড় শহর আছে, এছাড়া যে শহরে বিমানবন্দর আছে সেখানেও মেট্রারেল হতে পারে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



