বাংলাদেশবিশ্ব

‌সম্পর্কে কোনও ফাঁকফোকর না রাখতে শ্রিংলার সঙ্গে আলোচনা: পররাষ্ট্র সচিব

দুই দেশের কূটনৈতিক ‌সম্পর্কে কোনও ফাঁকফোকর না রাখতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনা হবে বলে জানালেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘দুদেশের সম্পর্ক অনেক গভীর। এ সম্পর্কের যত্ন নেওয়া লাগে যাতে ভুল বোঝাবুঝি না হয়। এছাড়া সম্প্রতি (দুদেশের সম্পর্ক নিয়ে) কিছু কাল্পনিক নিউজ হয়েছে, সেগুলো নিয়ে কথা হবে যাতে সম্পর্কে কোনো ফাঁকফোকর (গ্যাপ) না থাকে।’

সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন থেকে শুরু করে করোনা ভ্যাকসিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘দুদেশের সম্পর্ক নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রচুর আলোচনা (ইন্টারেকশন) হয়। করোনাভাইরাসের কারণে সে হিসেবে এ বছর কমই হয়েছে। সব সময় আলোচনায় সম্পর্কোন্নয়নের বিষয়টি থাকে। এছাড়া করোনা নিয়ে সহযোগিতার বিষয়টি থাকছে। প্রথম দিকে তারা কিছু সাহায্য পাঠিয়েছিল।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘তাদের দেশে এখন করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ভ্যাকসিন নিয়ে আমরা কে কোন পর্যায়ে আছি সেটা নিয়ে আলোচনা হবে। গত ছয় মাসে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট ও রেলওয়ের সহযোগিতা ত্বরান্বিত হয়েছে।’

 

Related Articles

Leave a Reply

Back to top button