গীতিকার কাওসার আহমেদ চৌধুরী সিসিইউতে

নন্দিত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে কাওসার আহমেদ চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় রাজধানীর গ্রিন রোডের ধানমণ্ডি ক্লিনিকে।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ ছাড়া তিনি কিডনি ও স্নায়ু জটিলতায় ভুগছেন। দুবার স্ট্রোক করেছেন তিনি।
কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ শাফি চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
কাওসার আহমেদ চৌধুরীর লেখা গান গেয়েছেন ফিডব্যাক, এলআরবি, মাইলস-এর মতো শীর্ষ ব্যান্ডসহ সামিনা চৌধুরী, লাকি আখান্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো স্বনামধন্য শিল্পীরা। তিনি জ্যোতিষী হিসেবেও বেশ পরিচিত।
‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘এই রুপালি গিটার ফেলে’, ‘মৌসুমি কারে ভালোবাসো তুমি’সহ অসংখ্য জনপ্রিয় গান তার লেখা।
এছাড়া কাওসার আহমেদ চৌধুরী ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে স্বাধীনতা যুদ্ধের সময় গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করেছেন।



