Leadবাংলাদেশ

বিরল খনিজের সন্ধান, পরাশক্তির চোখ এখন বাংলাদেশে

★যমুনা ও ধরলার বালুতে ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট পাওয়া গেছে: যার মধ্যে আছে- স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম ও ডিসপ্রোসিয়াম।

➤ ওয়াশিংটন আর বেইজিংয়ের মধ্যে যে স্নায়ুযুদ্ধ বর্তমানে তুঙ্গে, তার মূল রয়েছে কয়েকটি বিরল খনিজ। ‘রেয়ার আর্থ এলিমেন্ট’ নামক এই উপাদানগুলোর একচ্ছত্র আধিপত্য নিয়ে যখন বিশ্বের দুই শীর্ষ পরাশক্তি একে অপরের টুঁটি চেপে ধরতে চাইছে, ঠিক তখনই বাংলাদেশের যমুনা আর ধরলা নদীর বালুতে পাওয়া গেছে সেই মহামূল্যবান সম্পদের খোঁজ।

দেশের বালুতে পাওয়া এই বিরল খনিজ পদার্থ কি বাংলাদেশকে বিশ্ব রাজনীতিতে নতুন গেমচেঞ্জার হিসেবে আভির্ভূত করবে নাকি এই সম্ভাবনাও চাপা পড়বে আমলাতান্ত্রিক জটিলতায়?

কোথায় কিভাবে আবিষ্কার হলো REE?
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (GSB) এবং আণবিক শক্তি কমিশনের দীর্ঘ অনুসন্ধানে এই খনিজগুলোর উপস্থিতি নিশ্চিত হয়েছে। মূলত যমুনা ও ধরলার বালুতে ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট পাওয়া গেছে: যার মধ্যে আছে- স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম ও ডিসপ্রোসিয়াম।

ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, হিমালয় পর্বতমালার শিলাস্তর থেকে আসা ব্রহ্মপুত্র-যমুনার অববাহিকায় এসব ভারী খনিজ জমা হয়। পাহাড়ি শিলা যখন লাখ লাখ বছর ধরে আবহাওয়া ও ঘর্ষণে ক্ষয়ে যায়, তখন তার মধ্য থেকে এই ধাতুগুলো মুক্ত হয়ে পানির প্রবাহের সাথে মিশে আসে এবং নদীর তলদেশে ‘প্লেসার ডিপোজিট’ হিসেবে জমা হয়।

জিএসবি-র তথ্যমতে, নদী অববাহিকায় প্রতি টন বালুতে এই খনিজগুলোর ঘনত্ব প্রায় ১.৮ কেজি থেকে ২ কেজি পর্যন্ত হতে পারে, যা আন্তর্জাতিক মানদণ্ডে বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ার প্রাথমিক শর্ত পূরণ করে।

রেয়ার আর্থ এলিমেন্টস এর আন্তর্জাতিক বাজার
এই খনিজগুলোকে বলা হয় আধুনিক প্রযুক্তির ‘ভিটামিন’, কারণ এগুলো ছাড়া আধুনিক সভ্যতা অচল। একটি সাধারণ স্মার্টফোন তৈরি করতে অন্তত আটটি বিরল খনিজের প্রয়োজন হয়। ডিসপ্রোসিয়াম বা টারবিয়াম ছাড়া হাইব্রিড গাড়ির মোটর, উইন্ড টারবাইন কিংবা অত্যাধুনিক মিসাইল গাইডেন্স সিস্টেম কল্পনাও করা যায় না।

এ ছাড়া এলইডি, লেজার, রাডার এবং সোলার প্যানেলে এগুলোর ব্যবহার অপরিহার্য। আন্তর্জাতিক বাজারে এই খনিজগুলোর আকরিকের দাম প্রতি টন কয়েক হাজার ডলার থেকে শুরু করে কয়েক লাখে পৌঁছায়। বিশেষ করে যুদ্ধের সরঞ্জাম ও গ্রিন টেকনোলজির চাহিদা বাড়ায় এগুলোর মূল্য এখন আকাশচুম্বী।

ভূ-রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের সম্ভাবনা:
বর্তমান বিশ্ব রাজনীতিতে বিরল খনিজ হলো সবচেয়ে বড় দাবার গুটি। চীন বর্তমানে বিশ্বের ৯০ শতাংশ রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ন্ত্রণ করে। ২০২৫ সালে চীনের পণ্যে মার্কিন শুল্ক আরোপের জবাবে বেইজিং যখন বিরল ধাতু রপ্তানি বন্ধ করে দিয়েছে, তখন অ্যাপলের মতো টেক জায়ান্ট ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সংকটে পড়েছে।

এই বৈশ্বিক অচলাবস্থার মধ্যে বাংলাদেশ যদি সফলভাবে এই খনিজ উত্তোলনে নামতে পারে, তবে যুক্তরাষ্ট্র, জাপান বা ইউরোপীয় ইউনিয়ন চীনের বিকল্প হিসেবে ঢাকার দিকে হাত বাড়াতে বাধ্য হবে। এটি কেবল অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে, যা আন্তর্জাতিক অঙ্গনে ঢাকাকে এক অনন্য দরকষাকষির ক্ষমতা দেবে।

অর্থনৈতিক সম্ভাবনা ও বৈশ্বিক তুলনা:
অর্থনৈতিকভাবে এই খনিজগুলো ‘একুশ শতকের স্বর্ণ’ হিসেবে বিবেচিত। ভিয়েতনাম বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তাদের খনিজ সম্পদকে কাজে লাগিয়ে বৈশ্বিক সাপ্লাই চেইনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ভিয়েতনাম তাদের বিরল মৃত্তিকা মজুতকে ব্যবহার করে বর্তমানে সেমিকন্ডাক্টর শিল্পের নতুন হাবে পরিণত হচ্ছে।

বাংলাদেশের যমুনা অববাহিকায় যে পরিমাণ মজুতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত হলে এটি তৈরি পোশাক শিল্পের বাইরে বিলিয়ন ডলারের একটি নতুন রপ্তানি খাত তৈরি করবে। আমদানিকারক দেশগুলো তখন বিনিয়োগ নিয়ে নিজ থেকেই বাংলাদেশের দ্বারে আসবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দিতে পারে।

সক্ষমতা ও সরকারের করণীয়:
প্রচুর সম্ভাবনা থাকলেও বড় প্রশ্ন হলো—আমরা কি প্রযুক্তিগতভাবে প্রস্তুত? বর্তমানে বাংলাদেশ নদী থেকে বালু তোলার প্রাথমিক জ্ঞান রাখলেও সেই বালু থেকে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় ধাতু আলাদা করার মতো ‘মিনারেল প্রসেসিং প্ল্যান্ট’ বা উচ্চতর কারিগরি সক্ষমতা আমাদের নেই।

>> দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ শুরু

বিরল মৃত্তিকা উত্তোলন পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে সূক্ষ্ম প্রকৌশল প্রয়োজন। সরকার যদি এখনই বিদেশী বিনিয়োগ বা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জাপানি বা আমেরিকান প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তি না করে, তবে এই অমূল্য সম্পদ বালুর নিচেই ঢাকা পড়ে থাকবে।

এখন সময় এসেছে একটি যুগোপযোগী ‘ন্যাশনাল মিনারেল পলিসি’ প্রণয়ন করে ভূ-রাজনৈতিকভাবে নিজেদের শক্তি তৈরির এই সুযোগকে কাজে লাগানোর। সূত্র: নবোদয়

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌ ২৫ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button