বাংলাদেশ

কর্তৃপক্ষের অবহেলার কারনেই অগ্নিকাণ্ড, রিমান্ডে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায়, আটক  আট আসামি রিমান্ডে স্বীকার করেছেন তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

তিনি জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় আমরা প্রাথমিকভাবে যাদের এই ঘটনায় সংশ্লিষ্ট মনে করেছি তাদের গ্রেফতার করেছি। গ্রেফতার আটজনের রিমান্ড আবেদন করেছি। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন, আমরা তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি। আজ রিমান্ড শেষে আদালতে তোলার পর আদালত তাদের দুইজনের জামিন ও ছয় জনকে আদালতে পাঠিয়েছেন।

গত শনিবার (১০ জুলাই) গ্রেফতার ৮ জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ, গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় ২৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে ঝরে যায় ৫১টি প্রাণ। আহত হন অন্তত ৫০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button