মোদী-মাখোঁর ফোনালাপ;ইন্দো–প্যাসিফিক অঞ্চলে একযোগে কাজ হবে

এ সময় ইন্দো–প্যাসিফিক অঞ্চলে একযোগে কাজ করার ব্যাপারে একমত প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ওই দুই শীর্ষ নেতার মধ্যে ফোনালাপ হয়।
চীনকে মোকাবিলা করতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি করে। এই চুক্তির কারণে অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে আগেই করা ৪০ বিলিয়ন মার্কিন ডলারের সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে। ঘটনাটি মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মাখোঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতার ফোনালাপে আফগানিস্তান ইস্যুতেও কথা হয়। টেলিফোন আলোচনায়, মাখোঁ এবং মোদী ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ফোনালাপে সব রকমভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাখোঁ। আস্থা ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে ভারতের শিল্প ও প্রযুক্তিগত ক্ষেত্রে শক্তি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন মাখোঁ। এ সময় দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।



