বাংলাদেশ

করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৫৭১, প্রায় ১০ শতাংশ রোগীর নেই উপসর্গ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জনে। নতুন আক্রান্ত ৫৭১ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন আট হাজার ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৫৮টি।

শুক্রবার (১ মে) দুপুরে, দেশের করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে দু’জন মারা গেছেন তার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ষাটোর্ধ্ব। আরেকজন ৫১-৬০ বছর বয়সী। মৃতদের একজন ঢাকার ভেতরের, আরেকজন ঢাকার বাইরে।

সারাদেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৮ হাজার ২৩১ জন রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন বলে জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, এই ৮০০ জনের কোনও লক্ষণ-উপসর্গ নেই। সেই হিসাবে মোট শনাক্তের ৯.৭২ শতাংশের করোনার লক্ষণ-উপসর্গ নেই।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। তাদের মধ্যে কোনও লক্ষণ উপসর্গ নেই। কিন্তু পরপর দু’টি টেস্ট করতে হয়, সেটির মধ্যে কারও একটি টেস্ট হয়েছে, কারও বাকি আছে। কারও কারও একটিও টেস্ট হয়নি। কারণ এটি সময়ের ব্যাপার। লক্ষণ-উপসর্গ সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো করে থাকি। এই ৮০০ শনাক্ত রোগীরা বাসায় আছেন এবং কিছু হাসপাতালে আছেন, তাদের কোনও লক্ষণ-উপসর্গ নেই।

সারাদেশে ৩১টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনা রোগী শনাক্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা অধিদফতরের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ অধ্যাপক নাসিমা সুলতানা।

Related Articles

Leave a Reply

Back to top button