করোনায় প্রবাসীদের দুদর্শা লাঘবে পদক্ষেপ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন ‘করোনা ভাইরাসের কারণে প্রবাসী বাংলাদেশিদের যে দুদর্শা হয়েছে, তা লাঘবে সরকার পদক্ষেপ নিয়েছে বলে।’
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে আয়োজিত বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রবাসীদের কীভাবে দেখভাল করতে পারি, তাদের মঙ্গল কীভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রবাসী বাংলাদেশিদের যে দুদর্শা সৃষ্টি হয়েছে, তা লাঘব করার চেষ্টা সরকার করছে। এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি আমরা।’
এ সময় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। তবে ভারত থেকে আনা খুবই ডিফিকাল্ট। সেখানে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। লক ডাউন শেষে আনা যেতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘করোনা ভাইরাসের মধ্যেও যেসব দেশ আমাদের প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছে, আমরা তাদের চিঠি লিখে ধন্যবাদ জানাবো।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ।



