বাংলাদেশ

করোনায় একদিনে আরও ৪৪ জনের মৃত্যুর, আক্রান্ত ৩,২০১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২০১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।

সোমবার (৬ জুলাই) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২০১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। এখন পর্যন্ত ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৬৫৭ জন; যা শতকরা ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ৪৩৯ জন; যা শতকরা ২০ দশমিক ৯৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

অঞ্চল বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেটে ৩ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ৯ জন।

Related Articles

Leave a Reply

Back to top button