একাধিক প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা একাধিক প্রকল্পের পিডির দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।
একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই যে পিডি নিয়োগ, একই ব্যক্তি একাধিক প্রকল্প নিয়ে বসে থাকেন এবং ঢাকায় বসে থাকেন, এটা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী আবার হুঁশিয়ারি দিয়েছেন যে, এটা সহ্য করবেন না। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, যথাযথ আইনি ব্যবস্থা নেন। সরকারের বিধিবিধানেই আছে। তিনি বলেছেন, এটা যেন আর না হয়।’
মহাপরিকল্পনা করে সেতু তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাদেশে আমরা পথে-ঘাটে সেতু বানাচ্ছি। তিনি (প্রধানমন্ত্রী) বললেন যে, আপনাদের থাকতে হবে মাস্টার প্ল্যানে। কোন নদীতে কোথায় কোন জায়গায় সেতু হবে, আপনারা এত বড় বড় বিভাগ আছেন, আপনারা মাস্টার প্ল্যান তৈরি করেন। তারপর সে অনুযায়ী কাজ করেন। অন দ্য স্পট ডিসিশন না নিয়ে মাস্টার প্ল্যান থেকে নেন। এটা আমাদের সবার নজরে রাখতে হবে।’
তিনি বলেন, ‘সাইট সিলেকশনে সাবধানতা অবলম্বন করতে হবে। পক্ষপাতিত্বমূলক বা কাউকে ফেভার (সুবিধা দেয়া) করে নির্বাচন করা যাবে না। জনগণের প্রয়োজনে নির্মাণ করতে হবে। একাধিক, অহেতুক সেতু বানিয়ে নদীরপ্রবাহ যেন বাধাগ্রস্ত না করে।
সেতু নির্মাণে স্থানীয় সরকার, সড়ক ও জনপথ বা সংশ্লিষ্ট অন্যদের এ বিষয়টা নজরে রাখার পরামর্শ দেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘সেতু নির্মাণ করে নৌপথে চলাচলে বাধাগ্রস্ত না করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।’


