বিশ্ব

ইমরান খান পাঁচ বছর নির্বাচন করতে পারবে না: পাক ইসি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। খবর রয়টার্স।
মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশের আইন অনুযায়ী ইমরান খানকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
এর আগে গত শনিবার তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে দু’বার গ্রেপ্তার হলেন তিনি।
দুর্নীতির মামলায় ইমরানকে তিন বছরের সাজা খাটতে হবে। বর্তমানে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন। পাকিস্তানের আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কতদিন নির্বাচন করতে পারবেন না সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয়। এ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে।
এদিকে পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আগামীকাল বুধবার (৯ আগস্ট) সারসংক্ষেপ পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের মেয়াদ শেষ হওয়ার পর সংসদ ভেঙে দেওয়ার জন্য আমি প্রেসিডেন্টকে চিঠি দেব। এরপর তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতায় আসবে।’
২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে জোট সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button