বাংলাদেশ

ইভিএম নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএম নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইভিএমবিষয়ক মতবিনিময় সভার শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ইভিএম বিষয়ে আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। ইভিএম নিয়ে বিভিন্ন ধরনের কথা-বার্তা হচ্ছে গণমাধ্যমে। আমরা সবাইকে জানিয়েছি, ইভিএম নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কিছুদিন আগেও আমরা ইভিএমে নির্বাচন করেছি। রাজনৈতিক মহল ও পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ইভিএম নিয়ে ঐকমত্য পাওয়ার ‘ইয়ে’ (অবস্থা) নেই। যেহেতু আমরা নির্বাচনে ইভিএম ব্যবহার করেছি, সেহেতু আমাদের ধারণা নিতে হবে। আপনাদের মতামত স্বাধীন হবে বলেই আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমরা কারো ওপর কোনো মতামত চাপিয়ে দিতে পারি না, চাপিয়ে দেব না। সে ধরনের কোনো ইচ্ছে আমাদের নেই। আমাদের উদ্দেশ্য হলো ইভিএম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো উপস্থাপন করবেন। আমাদের যারা ইভিএম সম্পর্কে বোঝেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ইলেকট্রনিক ভোটিং মেশিন যাচাইয়ের সুযোগ দিচ্ছে ইসি। এজন্য তিন ধাপে ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে তারা। এরই ধারাবাহিকতায় আজ প্রথম ধাপে ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া, নির্বাচন কমিশন ইতোমধ্যে নিবন্ধিত বাকি দলগুলোর সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে। দলগুলো চার সদস্যের কারিগরি টিম/প্রতিনিধি পাঠাতে পারবে। দ্বিতীয় ধাপে ২১ জুন এবং শেষ ধাপে ২৮ জুন একইভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি।

Related Articles

Leave a Reply

Back to top button