আফগানিস্তানের সহায়তা স্থগিত করলো বিশ্বব্যাংক

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। এ পরিপ্রেক্ষিতে দেশটিতে সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। খবর বিবিসির।
আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাংকের এক মুখপাত্র জানান, দেশটির উন্নয়ন বিশেষ করে নারীদের ওপর পরিস্থিতি পরিবর্তনের প্রভাব নিয়েই উদ্বেগ বেশি।
বিশ্বব্যাংকের ওই মুখপাত্র আরও বলেন, আমরা আফগানিস্তানে উন্নয়ন কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার উপায় অনুসন্ধান করছি।
মার্কিন ও ন্যাটো সেনারা দুই দশক পর আফগানিস্তান ত্যাগের পর কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারা সরকার গঠনের প্রস্তুতি নিলেও এরইমধ্যে দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে।
বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, ২০০২ সাল থেকে এ পর্যন্ত তারা আফগানিস্তানে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। বর্তমানে আফগানিস্তানে বিশ্বব্যাংকের দুই ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প রয়েছে।



