
➤➤ রাজধানী ঢাকার মিরপুরে নিজ ফ্ল্যাটে মেয়ের সঙ্গেই বসবাস করে এক বৃদ্ধা মায়ের একাকী মৃত্যু কোনো বিচ্ছিন্ন ট্র্যাজেডি নয়। এটি একটি পচনশীল সমাজের নিখুঁত এক্স-রে রিপোর্ট। যে সমাজ এতদিন ধরে সন্তানদের নিজের ‘অবসরকালীন বীমা’ বা ‘রিটায়ারমেন্ট প্ল্যান’ হিসেবে বড় করে এসেছে, আজ নগরায়ন আর পুঁজিবাদের ধাক্কায় সেই অলিখিত চুক্তির চরম ভরাডুবি ঘটছে।
অপ্রিয় সত্য: সন্তান কেন মুখ ফেরাচ্ছে?
সমাজের তথাকথিত ‘নৈতিক অবক্ষয়’-এর দোহাই দেওয়াটা আসলে একটা বিরাট ফাঁকিবাজি। মূল সমস্যাটা পুরোপুরি অর্থনৈতিক ও কাঠামোগত। একটা সময় কৃষিভিত্তিক যৌথ পরিবার প্রথায় বাবা-মায়ের ভরণপোষণ খুব স্বাভাবিক প্রক্রিয়া ছিল। কিন্তু আজকের ‘নিউক্লিয়ার ফ্যামিলি’ মডেলে সেই সুযোগ কোথায়?
আজকের মিলেনিয়াল প্রজন্ম নিজেদের টিকে থাকার লড়াইয়ে-ই দিশেহারা। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশে যথাক্রমে ৪৯% ও ৩১% মিলেনিয়াল স্বীকার করেছেন যে, বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার কারণেই তারা নিজেদের আলাদা জীবন শুরু করতে পারছেন না। শহরের আকাশছোঁয়া বাড়িভাড়া, জীবনযাত্রার ব্যয় এবং নিজেদের সন্তানদের লালনপালনের খরচ মেটানোর পর, বাবা-মা হয়ে দাঁড়াচ্ছেন এক অতিরিক্ত অর্থনৈতিক চাপ বা ‘বোঝা’।
মানুষের সম্পর্কগুলো এখন পুরোপুরি বস্তুবাদী। যেখানে লাভ নেই, সেখানে বিনিয়োগ নেই—এই নির্মম কর্পোরেট মানসিকতা এখন পরিবারের ভেতরেও ঢুকে গেছে। যা আমাদের ঘুণে খাওয়া পারিবারিক ও সামাজিক বন্ধনকে প্রতিনিয়ত বিচ্ছিন্ন করে রেখেছে।
◉ ১২ বছরে ৩,৮৬০ প্রাণহানি, বাঁচতে চাইছি শুধু স্লোগানে!
তবে বাংলাদেশ বা এশিয়ার দেশগুলোর চিত্র উন্নত বিশ্বের ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে। সেখানে নাগরিকের প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতা বেশি। তাই সেখানে বয়স্কদের জন্য সোশ্যাল সিকিউরিটি ও কেয়ার হোম রাষ্ট্রের দায়িত্ব। শাস্তিমূলক আইনের চেয়ে প্রাতিষ্ঠানিক সেবার ওপর জোর বেশি সেখানে। রাষ্ট্র দায়িত্ব নেওয়ায় পারিবারিক স্তরে এই অমানবিকতা অতটা প্রকাশ্য হয় না।
অন্যদিকে, চীন ও সিঙ্গাপুরে রাষ্ট্রীয় পরিকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে, তবে তা জনসংখ্যার তুলনায় অপ্রতুল। চীনে বাবা-মায়ের ভরণ-পোষণ না দিলে করলে ক্রেডিট স্কোর কমানো (চীন) বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়। শাস্তির ভয়ে হলেও দায়িত্ব পালন করছে। কিন্তু মানসিক ও আবেগের সম্পর্ক পুরোপুরি অনুপস্থিত।

মালয়েশিয়ায় রাষ্ট্রীয় দায়িত্ব কেবল আইনের খাতায় বন্দি। মালয়েশিয়ায় সাড়ে ৩ কোটি মানুষের জন্য নার্সিং হোম মাত্র ১৮টি। তবে কঠোর জেল-জরিমানার বিধান কার্যকর রয়েছে। পরিকাঠামো না বানিয়ে সরকার শুধু আইন দিয়ে দায় সারছে। ভারতের তেলেঙ্গানায় সন্তানের বেতনের ১৫% কেটে নেওয়ার আইন কার্যকর আছে।
অন্যদিকে, বাংলাদেশে রাষ্ট্রীয় কোনো দায়-দায়িত্ব একেবারেই নেই। প্রবীণদের জন্য আধুনিক ও নিরাপদ কোনো ডে-কেয়ার বা পরিচর্যা কেন্দ্র নেই। ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ আছে, জরিমানা ও জেলের বিধানও আছে। প্রয়োগ নেই বললেই চলে। রাষ্ট্র নিজে দায়িত্ব না নিয়ে সন্তানের ঘাড়ে বন্দুক রাখছে।
আইনের প্রলেপ দিয়ে চলছে ‘ক্যানসারের চিকিৎসা’
এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, যে পথে হাঁটছে তা স্রেফ আইনি ভণ্ডামি। ইকোনমিস্টের তথ্যমতে, ২০৫০ সালের মধ্যে এশিয়ার মোট জনসংখ্যার ২৬ শতাংশের বয়স হবে ৬০-এর বেশি। এত বিপুল সংখ্যক প্রবীণের দায়িত্ব শুধু আইনের ভয় দেখিয়ে সন্তানদের কাঁধে চাপিয়ে দেওয়া কোনো সমাধান নয়।
মালয়েশিয়ার মতো দেশে যখন সাড়ে ৩ কোটি ৬০ লাখ মানুষের জন্য লাইসেন্সপ্রাপ্ত নার্সিং হোম থাকে মাত্র ১৮টি আর জেরিয়াট্রিক চিকিৎসকের সংখ্যা হয় ৭০, তখন বুঝতে হবে রাষ্ট্র তার নাগরিকদের সাথে প্রতারণা করছে। বাংলাদেশেও সরকার ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করে শাস্তির মেয়াদ বাড়ানোর বাহবা কুড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যে সন্তানকে জেল আর জরিমানার ভয় দেখিয়ে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল করতে হয়, তার কাছে সেই প্রবীণের নিরাপত্তা কতটুকু?
◉ জলবায়ু দানব ‘এল নিনো’ ঘিরে মহাবিপর্যয়ের শঙ্কা
মিরপুরের নুরজাহান বেগমের মতো হাজারো বৃদ্ধ-বৃদ্ধা আজ নিজ ঘরেই নির্বাসিত। এর জন্য শুধু অকৃতজ্ঞ সন্তানদের কাঠগড়ায় দাঁড়া করালে চলবে না। রাষ্ট্রকেও আয়নায় নিজের মুখ দেখতে হবে। আইন দিয়ে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া যায়, কিন্তু সম্মান বা ভালোবাসা আদায় করা যায় না।
রাষ্ট্র যতদিন পর্যন্ত প্রবীণদের জন্য উন্নতমানের ডে-কেয়ার সেন্টার, শেষ জীবনের পরিচর্যা কেন্দ্র এবং শক্তিশালী সোশ্যাল সিকিউরিটি তৈরি করতে ব্যর্থ হবে, ততদিন সন্তান আর বাবা-মায়ের এই অর্থনৈতিক ও মানসিক সংঘাত চলতেই থাকবে। এটাই নির্মোহ বাস্তবতা, বাকি সব নীতিবাক্য স্রেফ কথার কথা। তথ্যসূত্র: নবোদয়
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ২৯ জুন ২০২৬



