বাংলাদেশ

করোনায় একদিনে শনাক্ত ৪,০১৪, মৃত্যু আরো ৪৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ৭৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ১৪ জন। এটিই একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ১৭ জুন সর্বোচ্চ শনাক্ত ছিল চার হাজার আট জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছেন এক লাখ ৪১ হাজার ৮০১ জন। আর একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৭ হাজার ৭৮০ জন।

সোমবার (২৯ জুন) দুপুরে, করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে বর্তমানে ৬৮টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে কারিগরি সমস্যার কারণে গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবের ফলাফল পাওয়া গেছে। এই ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪১৩টি, তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৪৮ হাজার ৪৩টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃতুবরণকারীদের বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন ।

মারা যাওয়াদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ৯ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ১৪ জন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন একজন। বিভাগ বিশ্লেষণে ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে পাঁচ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং সিলেট ও বরিশাল বিভাগে তিন জন করে।

Related Articles

Leave a Reply

Back to top button