অবশেষে বাতিল হলো এইচএসসি-সমমান পরীক্ষা

জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়নের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বুধবার (৭ অক্টোবর) সংবাদিকদের সঙ্গে পূর্ব নির্ধারিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর সরাসরি এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি ফলের ভিত্তিতে গড় করে মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তাই বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন করে ছাত্র/ছাত্রী বসানো সম্ভব নয়। আবার এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবলও নেই।
যদিও এর আগে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে প্রস্তুতি চলছে। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে এই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকেই বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।



