অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনায় বেশি আক্রান্ত

বাংলাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যে পরিমাণে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র বা ইতালিতেও এত হয়নি।বাংলাদেশে মোট আক্রান্তের ১৫ শতাংশই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
দেশে এখন পর্যন্ত ৩ শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে চিকিৎসকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন ( বিডিএফ)।
সংগঠনটির সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ বলেন, বিশ্বে চিকিৎসকদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। দেশে যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে চিকিৎসক ১৩ শতাংশ। সব স্বাস্থ্যকর্মী মিলে হিসাব করলে এটা ১৫ শতাংশের বেশি। এটা সারা বিশ্বে সর্বোচ্চ। ইতালিতে এই হার ৮.৭ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ।
তবে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানিয়েছেন তাদের কাছে থাকা তথ্য অনুসারে এখন পর্যন্ত চিকিৎসক আক্রান্ত হয়েছেন ১৬১ জন চিকিৎসক। অপরদিকে নার্স ৬৬ জনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ১৫২ জন।
তিনি বলেন, চিকিৎসকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, এ পরিস্থিতি খুবই ভীতিকর এবং উদ্বেগজনক। এভাবে যদি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে থাকেন তাহলে পরবর্তী পর্যায়ে সব মানুষের চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে।



