বাংলাদেশ

শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তেজনা, গুলিবিদ্ধ ২ সাংবাদিক

চট্টগ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত আসামিকে আটক করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ সময় ২ শতাধিক মানুষ আহত ও ২ সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকালে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী ৪ বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ডেকোরেশনের কর্মচারীকে আটক করে। কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি আটকে দেয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ জড়িত আসামিকে আটক করে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়। আটক করে আসামিকে আনার সময় বিক্ষুব্ধ লোকজন পথ আটকে দেন। তাদের বলা হয়েছে, আইন অনুযায়ী আসামির বিচার হবে।

এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন- চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান।

চট্টগ্রামের প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা গণমাধ্যমকে বলেন, লাইভ দেয়ার সময় পুলিশের গুলিতে মামুন কোমরে এবং নোবেল হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ নাউ বাংলা/ কেএ/ এফওয়াই/ জেডআরসি/ ২১ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button