জাতীয়
রুপনগরের বস্তির অগ্নিকান্ডের ঘটনায় প্রভাবশালী মহল জড়িত: ফখরুল

মিরপুরে রুপনগরের ঝিলপাড় বস্তির অগ্নিকান্ডের ঘটনার পেছনে প্রভাবশালী মহল জড়িত অভিযোগ করে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই দাবি জানান।
তিনি বলেন, ‘‘ আমরা এই রুপনগরে বার বার দেখছি অগ্নিকান্ড হচ্ছে। কিছুদিন আগেও সিটি করপোরেশন নির্বাচনে পূর্বেও আমরা এখানে এসেছিলাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটা প্রভাশালী মহল তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং বা প্লট নির্মাণ করতে প্রচেষ্টা চালাচ্ছে।”
‘‘ আমরা মনে করি, এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই তদন্ত নিরপেক্ষ হতে হবে। প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত যাতে না হয়, সেজন্য নিরপেক্ষ তদন্ত হতে হবে।”
ফখরুল বলেন, ‘‘একদিকে যারা বিত্তশালী তাদের জন্য নতুন নতুন গৃহায়ন প্র্রকল্প গ্রহন করা হচ্ছে। অন্যদিকে আমাদের দুর্ভাগ্য যে, দেশে যারা দূর্বল, যারা বস্তিতে বাস করেন তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই, গৃহায়নের কোনো ব্যবস্থা তাদের নেই।”
‘‘ এই বস্তিতে যারা বাস করে সবাই নিম্ন আয়ের মানুষ। এই বস্তি পুঁড়ে যাওয়ার ফলে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা অগ্নিকান্ডের এই ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছি। নিন্দা প্রকাশ করছি যে বার বার এগুলো ঘটার পরেও যারা কর্তৃপক্ষ আছেন তারা সেইভাবে বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
অগ্নিকান্ডের ঘটনার পরে অনেক বিলম্বে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে আসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঝিলপাড় বস্তিতে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপুরণ ও পূর্ণবাসনের জন্য সরকারেরে প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব।
এ সময়ে গত ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাবিথ আওয়াল মহাসচিবের সঙ্গে ছিলেন। এছাড়া ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, গাজী রিয়াজ উদ্দিন, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, মাহফুজ খান সুমন।



