কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের গুলিতে নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন

বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে নিহত সেনা সদস্য মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরে বাড়ির পাশে মসজিদের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ও সামরিক বাহিনীর পতাকায় আচ্ছাদিত সেনা সদস্য রফিকুল ইসলামের কফিনে গান স্যালুট দেন সেনাবাহিনীর একটি চৌকস দল। এ সময় বিওগলে করুণ সূর বেজে ওঠে।
জানাজার নামাজ শেষে সহকর্মীরা কাঁধে করে রফিকুলের কফিন কবরস্থানে নিয়ে যান। দাফন শেষে কবরে সেনা বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রফিকুল ইসলাম ২০০৫ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। মৃত্যুর আগে তার পদবি ছিল করপোরাল। তিনি বান্দরবানের রুমা উপজেলায় কাজ করতেন।



