ক্যাসিনোকান্ডের ঘটনায় এনু-রুপনের মামলার রায় পেছালো

রাজধানীর ওয়ারী থানায় ক্যাসিনোকাণ্ড ও অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সহোদর এনামুল হক এনু ও রুপন ভুঁইয়াসহ ১১ জনের মামলার রায় পেছালেন আদালত। অসুস্থতার কারণে বিচারক ছুটিতে থাকায় আজকের দিনের পরিবর্তে রায় ঘোষণার দিন পিছিয়েছে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বিচারক অসুস্থ থাকায় আজ রায় ঘোষণা হচ্ছে না। রায়ের নতুন তারিখ দুপুরের দিকে ধার্য করা হবে।
ঢাকার পঞ্চম বিশেষ জজ ইকবাল হোসেনের আদালতে বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন গত ১৬ মার্চ এ দিন ধার্য করেন।
মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম। আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি কারাগারে আছেন।



