প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায় সেদিকে কঠোর সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
বুধবার (১৪ জুলাই) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ নির্দেশনা দেন।
ওবায়দুল কাদের বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৩২০০ কোটি টাকার প্রণোদনাতে কোন অনিয়ম সহ্য করা হবে না।
বলেন, সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয়, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা এবং ঈদকে ঘিরে অর্থনীতির প্রবাহ গতিশীল রাখতে শেখ হাসিনা সরকারের লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বলেন, সাময়িক এ বিধিনিষেধ শিথিলের সুযোগ নিয়ে আমরা যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসাই। এ পরিস্থিতিতে নিজেই হতে হবে নিজের রক্ষক।
বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল থেকে সারাদেশে শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচল করবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইতিপূর্বের ধারাবাহিকতায় সমন্বয়কৃত ৬০ ভাগ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনগুলো করোনার বর্তমান সংক্রমণ মাথায় রেখে, স্বাস্থ্যবিধিসহ শর্তসমূহ মেনে যানবাহন পরিচালনা করবেন।
সড়ক পরিবহন মন্ত্রী শর্ত অমান্যকারী এবং অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।
রূপগঞ্জেের অগ্নিদুর্ঘটনায় সরকার যখন আন্তরিকভাবে কাজ করছে তখন বিএনপি তাদের একমাত্র সম্বল বক্তৃতা-বিবৃতিবাজি করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা ঘটনার ছয়দিন পরে রূপগঞ্জেে গিয়ে এটা করতে হবে,সেটা করতে হবে বলে নানান কথার ফুলঝুরি ছড়াচ্ছে।
এসব বিএনপির চিরাচরিত অপরাজনীতিরই ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



