Leadএনএনবি বিশেষ

ই–সিগারেটের নিষেধাজ্ঞা প্রত্যাহারে উদ্বেগ বাড়ছে

★ কিছুদিন আগেও দেশে ই–সিগারেট আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ ছিল। অবশ্য তখনো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এই পণ্য বিক্রি হয়েছে। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার।

➤ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের সুস্পষ্ট সতর্কবার্তাকে পাশ কাটিয়ে দেশে ই-সিগারেট বা ভেপিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সরকার।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তামাক নিয়ন্ত্রণের উল্টোপথে হাঁটা সরকারের এই আকস্মিক সিদ্ধান্ত দেশের তরুণ প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও দীর্ঘমেয়াদী নিকোটিন আসক্তির দিকে ঠেলে দেবে।

গত ১০ এপ্রিল গ্যাজেট আকারে প্রকাশিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’-এ সংসদীয় বিশেষ কমিটির সুপারিশে ই-সিগারেট নিষিদ্ধের অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।

অথচ জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে গত বছরের জানুয়ারিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এক অধ্যাদেশের মাধ্যমে এসব পণ্যের উৎপাদন, আমদানি ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল। সেই অধ্যাদেশে আইন ভঙ্গকারীদের জন্য কারাদণ্ড ও জরিমানার বিধানও রাখা হয়েছিল।

➤➤ দেশি-বিদেশি ঋণের বোঝায় পিষ্ঠ সরকার

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুযোগে এবং নজরদারির অভাবে রাজধানীসহ সারা দেশে তরুণদের মাঝে ই-সিগারেটের ব্যবহার এখন মারাত্মক আকার ধারণ করেছে। “সিগারেটের কটু গন্ধ নেই, নিকোটিনও কম”—এমন ভ্রান্ত ধারণা এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোর চটকদার বিপণন কৌশলের ফাঁদে পড়ে স্কুল-কলেজ পড়ুয়ারাও এতে জড়াচ্ছে।

এই অবাধ প্রসারে গভীর উদ্বেগ জানিয়ে গত ৯ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে যৌথ চিঠি দিয়েছে ডব্লিউএইচও ও ইউনিসেফ। সংস্থা দুটির স্পষ্ট বার্তা—ই-সিগারেট তরুণদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি। যারা ই-সিগারেট ব্যবহার করে, ভবিষ্যতে তাদের সাধারণ সিগারেটে আসক্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ।

জাতীয় হৃদ্‌রোগ ফাউন্ডেশনের চিকিৎসক অধ্যাপক সোহেল রেজা চৌধুরী এই নীতিগত শিথিলতাকে ‘জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “প্রচলিত সিগারেটের চেয়ে ভেপিংয়ে বারবার ও দীর্ঘসময় ধরে নিকোটিন গ্রহণের কারণে আসক্তির মাত্রা আরও ভয়াবহ হয়। আইন থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশে কার্যত কোনো নিয়ন্ত্রণ কাঠামো থাকল না।”

বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) চুক্তিতে স্বাক্ষরকারী অন্যতম প্রথম দেশ। ভারত, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্তত ৩৭টি দেশ যখন জনস্বাস্থ্যের সুরক্ষায় ই-সিগারেট নিষিদ্ধ করেছে, তখন বাংলাদেশের এই নীতিগত পশ্চাদপসরণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন তামাকবিরোধী আন্দোলনকর্মীরা।

➤➤ জ্বালানি তেলের অস্থিরতা: অর্থনৈতিক চাপে বাংলাদেশ

জনস্বাস্থ্যবিষয়ক আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম বলেন, “নতুন তামাকজাত পণ্যের বিস্তার রোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ই-সিগারেটকে বৈধতা দেওয়ার এই উদ্যোগ সেই নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।” জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে ই-সিগারেট নিয়ন্ত্রণে আলাদা ও কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি।

প্রতি বছর দেশে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ তামাকজনিত কারণে মারা যায়। এই ভয়াবহ মৃত্যুহারের মাঝেই ক্ষতিকর ই-সিগারেটের বৈধতা দেশের স্বাস্থ্য খাতকে আরও বড় অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৭ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button