কুতুবদিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থী

সাদ্দাম হোসাইন। কক্সবাজার প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে কুতুবদিয়া উপজেলা নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় অনেক প্রার্থীই দ্বিধাদ্বন্দে ছিলেন। এদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী গত শনিবার তার প্রার্থী হবার বিষয়টি নিশ্চিত করেন দলীয় নেতা-কর্মীদের কাছে।
বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও বড়ঘোপ ইউনিয়ন আ‘লীগের সভাপতি আবুল কালাম নিউজনাউ বাংলাকে বলেন, দলীয় প্রতীক না থাকলেও বর্তমান উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এটা নিশ্চিত। দলীয় নেতা-কর্মীরা একজোট হয়ে তাকে বিজয়ী করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপি-জামায়াত অন্যান্য নির্বাচনের মত বর্তমান সরকারের অধিনে নির্বাচনে অংশ না নেয়ার কথা থাকলেও যেহেতু দলীয় প্রতীক থাকছেনা এবং তৃণমূলে বাধাগ্রস্ত না হলে উত্তর ধুরুং সাবেক ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী নির্বাচন করবেন বলে তিনি জানান। তার প্রচারণাও চলছে ভিতরে ভিতরে এমন আভাস শোনা যাচ্ছে। তিনি গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর সাথে লড়াই করে হেরে যান।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় দলীয় কোন নেতা-কর্মী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিলে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। তবে কোন নেতা-কর্মী ব্যক্তিগত দলীয় পরিচয় ছাড়া অংশ নেয়ার সুযোগে বাধা না দিলে কুতুবদিয়া উপজেলা বিএনপি‘র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ প্রার্থী হবেন বলে জানান।
এদিকে সাবেক উপজেলা চেয়াম্যান এটিএম নুরুল বশর চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেবেন না বলে একাধিক ইউনিয়ন নেতা জানিয়েছেন।
নির্বাচনে আলোচনায় আছেন ব্যারিষ্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম। তিনি বড়ঘোপ মাতবর পাড়ার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম এরশাদুল হাবিব রুবেল‘র ছোট ভাই। তার আরেকটি পরিচয় উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ভাতিজা। তিনি বেশ আগে থেকেই নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ‘লীগের সাবেক সভাপতি মাস্টার আহমদ উল্লাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কক্সবাজার উত্তর জোনের সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বড়ঘোপ ইউপির সাবেক চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন প্রমূখের নাম শোনা গেলেও তারা প্রার্থী হচ্ছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
উপজেলা নির্বাচন অফিসার মো: নুরুল ইসলাম জানান, উপজেলার ৬ ইউনিয়নে ৩৭টি কেন্দ্রে ভোট হবে। তার আগে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং,সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের ইভিএম ভোট গ্রহণে প্রশিক্ষণ দেয়া হবে। একইভাবে প্রতিটি ওয়ার্ডের ভোটারদেরও প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।



