বাংলাদেশ

কারাগার উড়িয়ে দেয়ার হুমকি, নিরাপত্তা জোরদার

চিঠি ও মোবাইলে, লালমনিরহাট জেলা কারাগার বোমা মেরে উড়িয়ে দিয়ে সাথী ভাইদের নিয়ে যেতে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কারাগার কর্তৃপক্ষ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কারাগার কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, গত সপ্তাহে একটি উড়ো চিঠি লালমনিরহাট কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসককে পাঠানো হয়। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে সাথী ভাইদের ছিনিয়ে নেয়ার হুমকী দেয় দুর্বৃত্তরা। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনাটি তদন্ত শুরু করে প্রশাসন। এরই মাঝে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেল সুপার কিশোর কুমার নাগকে একটি টেলিটক নম্বর হতে ফোন করে একই ভাবে হুমকি দেয়া হয়। বলা হয় যেকোন মূল্যে জেলখানা হতে তাদের সাথী ভাইদেরকে মুক্ত করা হবে। উড়িয়ে দেয়া হবে কারাগার।

মোবাইল ফোনে এমন কলের পরপরেই কারাগারের রাস্তাসহ আশপাশের নিরাপত্তার জোরদার করা হয়। হঠাৎ নিরাপত্তার জোরদার হলে বিষয়টি প্রকাশ পায়। মোবাইল ফোন ও চিঠিতে হুমকী দেয়ার ঘটনায় রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কারাগার কর্তৃপক্ষ।

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, জিডি আমাদের নিরাপত্তার একটি অংশ। সারাদেশে জেলখানার নিরাপত্তা সব সময় থাকে। নিরাপত্তার বিষয়গুলো ডিসকাস করা হয় না।

তিনি আরও বলেন, ১৯০ জনের ধারণ ক্ষমতার এ কারাগারে এখন পর্যন্ত ৪৬৬ জন আসামি ও কয়েদী রয়েছেন। যার মধ্যে নাশকতার বিভিন্ন মামলায় জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ২০ জন বন্দি রয়েছেন এ কারাগারে।

Related Articles

Leave a Reply

Back to top button