বাংলাদেশ

করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন ৪৩৪ সহ মোট আক্রান্ত ৩৩৮২

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা শনাক্ত হলো মোট ৩ হাজার ৩৮২ জনের। নতুন করে আরও ৯ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ ৮৭ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, করোনায় নতুন করে মৃত ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৪ জন। বয়সভিত্তিক হিসেবে ৬০ বছরের ঊর্ধ্বে ৩ জন, ৫০-৬০ বছর বয়সী ৩ জন এবং ৪০-৫০ বছরের মধ্যে ৩ জন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সারাদেশে করোনা সংক্রমণের হার বেশি রাজধানীতে।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮টি যা, গতকালের চেয়ে ৩ দশমিক ৭ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৭৪টি, যা আগেরদিনের চেয়ে ৭ শতাংশ বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮৯ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ৭৬৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন মোট ৫৭৯ জন। যারা কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে জানান তিনি।

করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ড. নাসিমা সুলতানা।

Related Articles

Leave a Reply

Back to top button