রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি জোট

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট, রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আগামী ২ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে পবিত্র রমজান। খবর: আলজাজিরার।
মঙ্গলবার এক ঘোষণায় বুধবার থেকেই সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। রমজানে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের পর এ ঘোষণা দিল সৌদি জোট।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে এবং দারিদ্র্যপীড়িত দেশটিতে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকট প্রশমনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে যাচ্ছে জাতিসংঘ। দু’পক্ষ ২০১৫ সাল থেকে এ যুদ্ধ চালিয়ে আসছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিন বছরের শান্তি প্রচেষ্টায় এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাত বছর ধরে চলা এ সংঘাত অবসানে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। অনাহারের মুখে পড়েছেন লাখ লাখ ইয়েমেনি।



