বাংলাদেশ

সার্বজনীন পেনশন আইন!

সার্বজনীন পেনশন সুবিধা চালু করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইনের খসড়া প্রকাশ করেছে সরকার।

মঙ্গলবার অর্থ বিভাগের ওয়েবসাইটে (https://mof.portal.gov.bd/site/page/dd8f0829-6531-414e-9a4c-a5354f542986) খসড়া প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত আইনটির নাম রাখা হয়েছে ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২’। এতে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সবার মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

খসড়া আইন অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ বছরের বেশি ও ৫০ বছরের কম বয়সী সব বাংলাদেশি নাগরিক এই পেনশন ব্যবস্থাপনায় অংশ নিতে পারবে। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরা অংশ নিতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরতরা এই পেনশন ব্যবস্থাপনার বাইরে থাকবেন।

বলা হয়েছে, একজন নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে। নির্বাহী চেয়ারম্যান ও সদস্যরা সরকার কর্তৃক নিযুক্ত হবেন। এছাড়া অর্থমন্ত্রীকে চেয়ারম্যান করে একটি গভর্নিং বোর্ড গঠন করা হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ তহবিল গঠন করা হবে যাতে সরকারের অনুদান, এই আইনের অধীন আদায়যোগ্য ফি ও চার্জ, সেবা বাবদ প্রাপ্ত অর্থ, সরকারের পূর্ব অনুমোদনক্রমে গৃহিত ঋণ এবং অন্যান্য উৎস থেকে পাওয়া অর্থ থাকবে।

খসড়া আইনটিতে আরো বলা হয়েছে, কমপক্ষে ১০ বছর ধরে চাদা দাতার মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করবেন।

এছাড়া প্রতিটি চাঁদাদাতার জন্য পৃথক হিসাব নম্বর থাকবে। কেউ চাকরি পরিবর্তন করলেও পূর্ববর্তী হিসাব নম্বর নতুন কর্মস্থলে যুক্ত হবে, নতুন করে হিসাব খুলতে হবেনা।

মাসিক সর্বনিম্ন চাঁদার হার নির্ধারিত হওয়ার পর মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা দেওয়া যাবে। অগ্রীম ও কিস্তিতেও চাঁদা দেওয়া যাবে। বিলম্ব হলে বিলম্ব ফি দিতে হবে, ওই টাকা চাঁদাদাতার হিসাবেই জমা থাকবে। পেনশনাররা আজীবন বা মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন।
পেনশনে থাকা অবস্থায় ৭৫ বছর পূর্ণ হওয়ার আগেই মারা গেলে তার নমিনি অবশিষ্ট সময়কাল (মূল পেনশনারের ৭৫ বছর পূর্ণ হওয়া) মাসিক পেনশন প্রাপ্য হবেন। কমপক্ষে ১০ বছর চাঁদা দেওয়ার আগে পেনশনার মারা গেলে তার জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনির কাছে ফেরত যাবে।

বলা হয়েছে, পেনশন তহবিলে জমা করা অর্থ এককালীন উত্তোলন করার সুযোগ থাকবেনা। তবে জমাকৃত অর্থের ৫০ শতাংশ ঋণ হিসাবে উত্তোলন করা যাবে যা ধার্যকৃত ফিসহ পরিশোধ করতে হবে। ফিসহ পরিশোধিত অর্থ চাঁদাদাতার নিজ হিসাবেই (অ্যাকাউন্টে) জমা হবে। পেনশনের চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে কররেয়াতের জন্য বিবেচনা করা হবে। মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়করমুক্ত হবে।

তবে আইনের খসড়াটিতে গরিব মানুষ কীভাবে পেনশন–ব্যবস্থার আওতায় আসবেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বলা হয়েছে, ‘নিম্ন আয়সীমার নিচের নাগরিকদের অথবা দুস্থ চাঁদাদাতাদের ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে দিতে পারবে।’ অনুদান যে সরকার দেবেই, সে কথা বলা হয়নি। বলা হয়েছে, দিতে পারবে, অর্থাৎ সরকারের ইচ্ছার ওপর নির্ভর করবে বিষয়টি। অনুদান না–ও দিতে পারে সরকার।

‘দুস্থ চাঁদাদাতা’র সংজ্ঞা দেওয়া হয়েছে এ রকম, ‘পেনশন কর্মসূচিতে নিয়মিত চাঁদাদানকারী যিনি দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতাজনিত সমস্যায় স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন।’ নিম্ন আয়সীমার নিচের নাগরিক কারা, সেই সংজ্ঞা বা ব্যাখ্যা দেওয়া হয়নি খসড়ায়।

এছাড়া পেনশন কর্মসূচির সঙ্গে জড়িত কোনো ব্যক্তি আইনের ধারা লঙ্ঘন করলে লঙ্ঘনের দায়ে ওই ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করার কথা বলা হলেও জেল-জরিমানা বা অন্য কোনো শাস্তির বিধান উল্লেখ করা হয়নি এতে।

প্রসঙ্গত, দেশের ষাটোর্ধ্ব সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই আইন হচ্ছে। বর্তমানে দেশে শুধু সরকারি কর্মচারীরা পেনশন পেলেও বেসরকারি চাকরিজীবীসহ সবাইকে পেনশনের আওতায় আনার প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। খবর: প্রথম আলোর।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button