বরিসের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

করোনার বিধি ভেঙে পার্টির দায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই চার কর্মকর্তা হলেন বরিসের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনোল্ডস। গতকাল বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ব্যবধানে চাপের মুখে থাকা এই চার কর্মকর্তা পদত্যাগ করেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটে করোনা লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের দায়ে চাপের মুখে থাকায় ও বরিসের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে এ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
এদিকে, রোজেনফিল্ডের পদত্যাগ প্রসঙ্গে বরিসের কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন।
তবে এ পদে অন্য কেউ যুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। বরিসের প্রধান ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছেন মার্টিন রেনোল্ডস। তার ক্ষেত্রেও এক ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে এ পদের দায়িত্ব ছাড়ার পর তিনি আগের দায়িত্বে ফরেন অফিসে ফিরতে পারবেন।
এ ছাড়া, প্রধানমন্ত্রী বরিস দেশটির বিরোধী দলের নেতা কেইর স্টারমার সম্পর্কে মিথ্যা অভিযোগ তোলায় পদত্যাগ করেছেন মুনিরা মির্জা।



